ছবিতে গানে বৈচিত্র্যময় পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ এঁকেছে গ্রাম, কেউ-বা নদীর পাড়। ধানের খেত, সবুজ মাঠ—এ রকম কত ছবিই না এঁকেছে ওরা।সমাজে তাদের পরিচয় কী? ওরা সুবিধাবঞ্চিত শিশু। মোহাম্মদপুরের বেড়িবাঁধে ওদের বসবাস। ‘সুরের ধারা’ বদলে দিয়েছে তাদের জীবন। তারা এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। সমাজের অন্যসব শিশুর মতোই তারা বড় হতে চায়। পড়াশোনা শিখে, গান শিখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সুযোগ ওদের করে দিয়েছে সংগীত সংগঠন সুরের ধারা। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের মিলনায়তনে ‘উন্নয়নের জন্য সংগীত’ শিরোনামে সুরের ধারা আয়োজন করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। এখানে শিশুরা পরিবেশন করে নাচ, গান ও কবিতা আবৃত্তি। মিলনায়তনের সামনে ছিল তাদের আঁকা ছবির প্রদর্শনী। গত এক বছরে ‘সুরের ধারা’ এই শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা চালিয়ে আসছে। এরই অংশবিশেষ এই আয়োজন। অনুষ্ঠান শুরু হয় শিক্ষক-শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় সমবেত সংগীত ‘আলো আমার আলো’ দিয়ে। এরপর আলোচনা পর্ব। রেমিসিউ রেমি, আজিজুল হক, পীযূষ বড়ুয়া ও সুরের ধারার পরিচালক রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁদের বক্তব্যে গত এক বছর থেকে কীভাবে এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন, তা তুলে ধরেন। বন্যা বলেন, ‘এই শিশুদের মনে যে শক্তি সঞ্চিত আছে, তা না দেখলে বোঝা যাবে না। আমি এক বছরে ওদের পরিবর্তন দেখে আবেগাপ্লুত। সুরের ধারার কর্মীরা নিরলস পরিশ্রম করে আজকে শিশুদের এই পর্যায়ে নিয়ে এসেছে।’ তিনি জানান, জাতিসংঘের আর্থিক পৃষ্ঠপোষকতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। আলোচনার পরে শিশুরা একে একে পরিবেশন করে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘আগডুম বাগডুম’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’সহ বিভিন্ন গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গোবোর্গ স্টোফরিং, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউএনডিপির কর্মকর্তা আজাহার আলী, নজরুল ইসলাম প্রমুখ।গানে গানে প্রাণের খেলা ‘চিত্তে মোদের নিত্য বাজুক বাংলা গানের সুর’ স্লোগান নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন প্রাণের খেলা নামে নিয়মিত গানের আসরের আয়োজন করে আসছে। শিল্পীরা শ্রোতাদের গেয়ে শোনান কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, ধ্রুপদি, কখনো বা লোকগান; থাকে বাদ্যযন্ত্রেরও আয়োজন। গতকাল বুধবার ছিল শিল্পী শাম্মী আকতার ও শহীদ কবিরের আধুনিক গান। প্রথম জন তো স্বনামখ্যাত, আর দ্বিতীয় জন বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ী। দুই প্রজন্মের দুই শিল্পী গানে গানে প্রাণ ভরিয়ে দিয়েছিলেন শ্রোতাদের। ‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়’ গান দিয়ে শুরু করলেন শহীদ কবির। এরপর ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’ গানগুলো গেয়ে শোনান তিনি। এরপর মঞ্চে আসেন শাম্মী আকতার। তিনি গাইতে শুরু করলেন, ‘চাঁদের মতো নীরবে, এসো প্রিয় নিশীথ রাতে’ গানটি দিয়ে। আকাশের চাঁদ না উঠলেও বেঙ্গল শিল্পালয়ের শ্রোতারা মিশে গেলেন গানের সঙ্গে। এরপর গেয়ে শোনান, ‘কত দিন পরে দেখা হলো’, ‘ভালোবাসলে’, ‘মন যদি ভেঙে যায়’, ‘মনে বড় আশা’, ‘আমি তোমার বন্ধু’ গানগুলো।বিকেলের মেঘাচ্ছন্ন আকাশ আর ঝিরঝিরে হাওয়া বয়ে আনছিল বৃষ্টির আগমনী বার্তা। বেঙ্গল গ্যালারির শ্রোতাদের শ্রবণে তখন ঝরছিল সুরের বৃষ্টি।