ছবিমেলা শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম ছবিমেলায় আজীবন সম্মাননা পাওয়া সাঈদা খানম ও নাসির আল​ী মামুনের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
নবম ছবিমেলায় আজীবন সম্মাননা পাওয়া সাঈদা খানম ও নাসির আল​ী মামুনের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

৬৫ বছর আগে সাঈদা খানম যখন ক্যামেরা হাতে তুলে নেন, তখন তিনি ভাবেননি এতটা পথ পাড়ি দেবেন। ১৯৬২-তে সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিতে যান। খুশি হয়ে মানিক বাবু বলেছিলেন, এ লাইনে ভারতেও মেয়েরা এখনো তেমন আসেনি। আর যুদ্ধোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি তুলতে গেলে তিনি ভেবেছিলেন, ক্যামেরা হাতের এই মেয়েটি বোধ হয় বিদেশি।
অন্যদিকে খ্যাতিমান মানুষের ছবি তোলা নাসির আলী মামুনের প্যাশন। বঙ্গবন্ধু থেকে এস এম সুলতান, আবদুর রাজ্জাক থেকে সুভাষ মুখোপাধ্যায়, বাহাদুর হোসেন খাঁ থেকে গুন্টার গ্রাস—কার ছবি তিনি তোলেননি?
এই দুই ক্যামেরার কবি গতকাল শুরু হওয়া নবম ছবিমেলায় পেলেন আজীবন সম্মাননা। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে দুই আলোকচিত্রশিল্পীর হাতে সম্মাননা তুলে দিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো জায়গায় গেলে এখন সমৃদ্ধির ছোঁয়া দেখতে পাওয়া যায়। কিন্তু একটি সাম্প্রদায়িকতামুক্ত মানবিক সমাজ গড়তে হলে প্রয়োজন চিত্রকলা, কবিতা, নাটক, আলোকচিত্রের। মানুষের মধ্যে এগুলো না পৌঁছালে বারবার হলি আর্টিজানের মতো ঘটনা ঘটতে থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইরানের আলোকচিত্রী হেমাঙ্গেহ গোলেস্তাঁ, যুক্তরাজ্যের প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিজ ওয়েলস ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক শহিদুল আলম। মেলার কিউরেটর এ এস এম রেজাউর রহমান, মাহবুবুর রহমান, মুনেম ওয়াসিফ ও তানজিম ওয়াহাবকে ধন্যবাদ দেন তিনি।
দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট আয়োজিত আলোকচিত্রের এ মেলা চলবে দুই সপ্তাহব্যাপী—১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মূল প্রদর্শনীস্থল। প্রদর্শনী হবে পুরান ঢাকার বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমি, নর্থব্রুক হলেও। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ছবিমেলার এবারের বিষয় ‘অবস্থান্তর’।