ছবিমেলায় অন্য অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি বোর্ডিংয়ে অর্ণব
বিউটি বোর্ডিংয়ে অর্ণব

অর্ণব সব্যসাচী। গান করেন। ছবি আঁকেন। কদাচিৎ ক্যামেরায় ছবিও তোলেন। ফটোগ্রাফির ওপর বিশেষ ঝোঁক আছে। তাই যখন আগ্রহ নিয়ে বললেন, ‘আসুন, ছবি দেখতে দেখতে কথা বলি।’ সায় না দিয়ে উপায় কী!
৩১ জানুয়ারি পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে ছবিমেলায় বসে ছবি নিয়ে কথা বলছেন অর্ণব।
স্থিরচিত্র নয়, তিনি বললেন তাঁর নতুন চলচ্চিত্র নিয়ে। মেলে ধরলেন নিজের স্বপ্নের কিছু কথা। ‘অনেক দিন থেকেই ভাবছিলাম পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করব। এটা নিয়ে কাজও শুরু করেছিলাম। এখন এর একটি কাঠামো দাঁড় করেছি। পাণ্ডুলিপি তৈরির কাজ শেষ। তবে আমি চাইছি, এটা যেন ঠিক আমার মনের মতো হয়। তাই স্কেচ তৈরি করছি। প্রতিটি দৃশ্য, শিল্পীদের অভিব্যক্তি—সবই আমি আগে দেখে নিতে চাই। এর জন্যই এখন একটু ব্যস্ত।’ বললেন অর্ণব।

ছবি তৈরিতে আগে থেকেই হাত পাকিয়েছেন এই সংগীতশিল্পী। বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরীর ওপর অন্তরবীক্ষণ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন। আর অর্ণব যেখানেই যান, হাতে থাকে আইপ্যাড। জুতসই পরিবেশ আর দৃশ্য পেলেই ভিডিওর মাধ্যমে পুরে নেন তা। বিউটি বোর্ডিংয়ে ছবিমেলা প্রাঙ্গণ তাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে ধারণ করতে লাগলেন।
ভিডিও ধারণে এত পেশাদারি মনোভাব? স্মিত হেসে কারণটা জানালেন অর্ণব নিজেই, ‘নতুন ছবির গল্প আমার আশপাশের পরিবেশ নিয়ে। এতে পুরান ঢাকার সংস্কৃতিও আছে। অনেক সময় মনে করি, বোধ হয় সবাই বেশ খারাপ আছি। কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। আমরা কেমন আর কেমন আছি, সবকিছু থাকছে ছবিতে। আর গল্পটি তৈরি করেছি সব বয়সী মানুষের দেখার উপযোগী করে। বাংলাদেশে ছাড়াও ভারতের মুম্বাই ও কলকাতার একাধিক প্রযোজকের সঙ্গে আলোচনা হয়েছে। যৌথ প্রযোজনার কথা ভাবছি।’

তবে ছবির মাঠে নামার আগে নিজেকে আরও একটু শাণিত করতে চান অর্ণব। এ বছর যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছে তাঁর। চলচ্চিত্র নির্মাণের ওপর ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে তারপর মূল কাজে হাত দেবেন।
এ তো গেল অর্ণবের স্বপ্নের কথা। সংগীতশিল্পী অর্ণবের নতুন কিছু কথা বলা এখনো বাকি। ২৭ জানুয়ারি ছিল অর্ণবের জন্মদিন। এদিন সুফি উৎসবে গান গেয়েছেন। দেশে প্রথম হলেও সুফি উৎসবে এর আগেও গান গেয়েছেন অর্ণব। বললেন, ‘২০১৪ সালের প্রথম দিনে কলকাতায় সুফি সূত্র উৎসবে গান গেয়েছিলাম। সেখানে গানের পাশাপাশি কর্মশালাসহ আরও কিছু আয়োজন ছিল।’
এবার সুফি উৎসবে গাওয়া গানগুলো থাকছে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের পরবর্তী অ্যালবামে। এতে পুরোনো অ্যালবামের ‘তোর জন্য’ আর ‘রাস্তায়’ গান দুটি থাকবে নতুন ঢঙে। বাকিগুলো হবে রবীন্দ্রসংগীত, লালনগীতি আর লোকগান। অ্যালবামের নাম হবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ টু। অর্ণব তৈরি করছেন নিজের নতুন একক অ্যালবামও। কাজ প্রায় চূড়ান্ত। এখন শুধু পৃষ্ঠপোষকের জন্য অপেক্ষা।
ঢাকার পাশাপাশি কলকাতায়ও আছে অর্ণবের গানের অসংখ্য শ্রোতা। তাই সেখানে প্রায়ই যেতে হয়। জানালেন, ৮ ফেব্রুয়ারি আবার কলকাতায় যাচ্ছেন। সেখানে গান করবেন।
আর ভারতের বাংলা কিংবা হিন্দি ছবিতে গান গাওয়া? অর্ণব বললেন, ‘ব্যাটে বলে হচ্ছে না। যখন হবে, তখন নিশ্চয়ই জানাব।’