ছবিমেলার এবারের বিষয় অবস্থান্তর


সতের বছর আগের কথা। ১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল আলোকচিত্রের আন্তর্জাতিক আসর ‘ছবি মেলা’। বর্তমানে এটি পরিণত হয়েছে এশিয়ার বৃহত্তম আলোকচিত্র উৎসবে। দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে ২০০০ সাল থেকে প্রতি দুই বছর অন্তর আয়োজন করে আসছে আন্তর্জাতিক এ আলোকচিত্র উৎসব। যার নবম আসর শুরু হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে।
এবারের ছবি মেলার মূল প্রতিপাদ্য ‘অবস্থান্তর’। দুই সপ্তাহব্যাপী এবারের উৎসবে বাংলাদেশসহ ১৯টি দেশ অংশ নেবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২২ জন আলোকচিত্রীরও এ উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে। এবারের উৎসবের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ছাড়া পুরান ঢাকার তিনটি স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে। সে সঙ্গে আরও থাকছে ভ্রাম্যমাণ প্রদর্শনী। এছাড়া রিক্সা-ভ্যানে করে ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে ভ্রাম্যমাণ প্রদর্শনী।
আজ সোমবার ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন উৎসব পরিচালক শহিদুল আলম, ছবি মেলা ৯’-র কিউরেটরিয়াল টিমের সদস্য এ এস এম রেজাউর রহমান, মাহবুবুর রহমান, মুনেম ওয়াসিফ ও সালাহউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজনের প্রেস অ্যান্ড মিডিয়ার প্রধান মুনিরা মোরশেদ মুন্নী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ছবি মেলায় বাংলাদেশসহ ১৯টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে-আলজেরিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, ইরান, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এসব দেশের ২৭ জন শিল্পীর ৩০টিরও বেশি প্রদর্শনী থাকবে। কানু গান্ধী’র ‘কানু’স গান্ধী’, নাসির আলী মামুনের ‘দ্য পোয়েট উইথ দ্য ক্যামেরা, ফটোগ্রাফস অফ নাসির আলী মামুন/ফটোজিয়াম (১৯৭২-১৯৮২) ’, পুষ্পমালা এনের ‘নেটিভ উইমেন অফ সাউথ ইন্ডিয়া: ম্যানারস অ্যান্ড কাস্টমস (২০০০-২০০৪) ’, নাঈম মোহাইমেনের ‘ইউনাইটেড রেড আর্মি’, স্ট্যানলি গ্রিনের ‘ওপেন উন্ড’র মতো দেশ-বিদেশের বিখ্যাত সব আলোকচিত্রীদের অসাধারণ সব কাজের সম্ভার নিয়ে সাজানো হয়েছে ছবি মেলা ৯। এ বছরই প্রথমবারের মতো ছবি মেলা ১০ জন বাংলাদেশি শিল্পীকে ‘ফেলো’ হিসাবে নির্বাচিত করে তাঁদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শন করছেন। এ দশজন আলোকচিত্রীর মধ্যে রয়েছেন-আবীর সোম, আরফান আহমেদ, চৌধুরী গোলাম মশিউর রহমান, মিনহাজ মারজু, মোল্লা সাগর, নাজমুন নাহার কেয়া, ঋতু সাত্তার, সালমা আবেদিন, সরকার প্রতীক ও শুভ্র কান্তি দাশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিমেলার এবারের কর্মসূচির মধ্যে রয়েছে ৬টি কর্মশালা, ২ দিনের পোর্টফোলিও রিভিউ এবং সেই সঙ্গে বেশ কিছু আর্টিস্ট টক, লেকচার ও প্রেজেন্টেশন। সাদাকালো ডকুমেন্টারি স্টাইলের ছবির জন্য বিশ্বখ্যাত আলোকচিত্রী অ্যালার্ম পিটারসেন পরিচালনা করবেন ‘ইন্সটিঙ্কটস’ শিরোনামে একটি কর্মশালা।
