ছবির কাজ হয়েছিল উৎসব করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দেশ টিভি ও মাছরাঙা টিভিতে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি আগুনের পরশমণি। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।হুমায়ূন আহমেদের নাটকে প্রথম কবে কাজ করলেন?১৯৮৭ সালে। নাটকটির নাম ছিল নন্দিত নরকে। আল মনসুর নাট্যরূপ দিয়েছিলেন। সেই প্রথম হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমি বিদেশ চলে যাই। ফিরে আসার পর হুমায়ূন আহমেদের লেখা নাটকে কাজ করি। নাম প্রথম প্রহরে। প্রযোজক ছিলেন নওয়াজিশ আলী খান। তাঁর রুমে দেখি একটা লোক চুপচাপ বসে আছেন। মাথা নিচু করে কিছু ভাবছেন। আমাদের পরিচয় হলো। দেখি গম্ভীর মানুষটার আড়ালে লুকিয়ে আছে আরেকজন চমৎকার মানুষ। এরপর পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়।তাঁর কয়েকটি জনপ্রিয় নাটকে আপনি অভিনয় করেছেন।হ্যাঁ, সরাসরি ওনার পরিচালনায় কাজ করেছি নক্ষত্রের রাত, আজ রবিবার ধারাবাহিকে। আর ওনার লেখা নাটকগুলোর মধ্যে ছিল এই সব দিনরাত্রি, অয়োময়, বহুব্রীহি, খেলা, একা একা, দ্বিতীয় জন্ম। এ ছাড়া আরও অনেক টেলিছবি আর এক ঘণ্টার নাটক করেছি। হুমায়ূন আহমেদের লেখা আপনার কাছে কেমন মনে হতো?এককথায় চমৎকার। তিনি টিভি নাটকে নতুন ধারা তৈরি করেছিলেন। তাঁর লেখায় টিভি নাটকের স্ক্রিপ্ট নতুন গতি পায়। টিভি নাটকের দর্শক তৈরিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। আর তাঁর সাহিত্যের কথা বলে শেষ করা যাবে না।‘আগুনের পরশমণি’ ছবিতে কাজ করার সেই দিনগুলোর কথা মনে পড়ে?হুমায়ূন আহমেদ যখন ছবি তৈরির কথা বললেন, ভাবলাম, তাঁর আবার ছবি তৈরির ঝোঁক হলো কেন? পরে দেখি, তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়ে নেমেছেন। প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন বাসায় বসতাম। ছবি নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, অভিনয়শিল্পীদের নিয়ে আলোচনা হতো। দেখতে দেখতে ছবির কাজ শুরু হলো। শুটিংয়ের সময় এফডিসিতে আমাদের সবার পরিবার প্রায়ই যেত। এফডিসিতে এমন উৎসব করে আর মনে হয় কোনো ছবির কাজ হয়নি। আর তা হুমায়ূন আহমেদ বলেই হয়েছিল।