বিদেশ যাওয়া হলো না ফারিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

কদিন আগেও নুসরাত ফারিয়াকে অনুষ্ঠান উপস্থাপনায় বেশি দেখা যেত। এখন তিনি পুরোদস্তুর নায়িকা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র এই ছাত্রীর নাকি ইচ্ছে ছিল দেশের বাইরে পড়তে যাওয়ার। ক্রেডিট ট্রান্সফার করে দেশের বাইরে পড়তে যাওয়ার সব ধরনের ব্যবস্থা প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু ছবির প্রেমে পড়ে আর নাকি তাঁর আর বিদেশ হয়নি। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন তিনি।
ফারিয়া বললেন, ‘উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছে ছিল আমার। প্রয়োজনীয় সব ব্যবস্থাও করে ফেলি। কিন্তু একটি অনুষ্ঠান সব হিসেবে ওলট পালট করে দেয়। সে অনুষ্ঠান থেকেই ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। কথাবার্তা বলে ভালো লাগে। রাজিও হই। সবাই যখন অ্যাপ্রিশিয়েট করল, তখন ভাবলাম ট্রাই করে দেখি না; এরপরের অবস্থা তো সবারই জানা। আর এখন তো ছবির প্রেমে পড়ে গেছি।’
এর মানে, এখন থেকে আপনাকে নিয়মিত ছবির কাজে পাওয়া যাবে? ‘না, না। তা হবে কেন? সবকিছুর মোহ আমি খুব তাড়াতাড়ি ত্যাগ করতে পারি। সবকিছুকে খুব তাড়াতাড়ি গ্রহণও করতে পারি। “আশিকী” ছবিটি মুক্তির পর এটা আরও ভালো করে বলতে পারব। দর্শক আমাকে পছন্দ করল কিনা সেটাও কিন্তু দেখায় বিষয়, ’ বললেন ফারিয়া।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া


প্রথম ছবির ট্রেলার প্রকাশের পরই অনেকের নজরে আসেন ফারিয়া। ওপার বাংলা (কলকাতা) থেকেও এখন নাকি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। প্রথম ছবি ‘আশিকী’ মুক্তির আগেই চুক্তি সই করেছেন বাংলাদেশের নতুন আরেকটি ছবিতে। নাম ‘পুলিশগিরি’। কিন্তু মাস খানেক আগেও এমনটা হবে ভাবেননি ফারিয়া। বাংলাদেশের দর্শকদের কাছে লাভার গার্ল হিসেবে থাকতে চান তিনি। কোনোভাবেই নিজের এই ইমেজটাকে ভাঙতে চান না ফারিয়া। বললেন, ‘আমার কাছে অনেক ধরনের ছবির প্রস্তাব আসছে। কিন্তু আমি সবার কাছে লাভার গার্ল ইমেজে থাকতে চাই। আমার জন্য এটাই পারফেক্ট বলে মনে করি।’
উপস্থাপিকা হিসেবে শোবিজে কাজ শুরু করা ফারিয়া এরই মধ্যে পার করেছেন তিন বছর। এই সময়ের মধ্যে সরাসরি অনুষ্ঠান ৩৬০ এবং ধারণকৃত ২৫০০ শো উপস্থাপনা করেছেন ফারিয়া। তবে এখন থেকে তাঁকে আর উপস্থাপনায় আর দেখা যাবে না। এ নিয়ে মোটে আফসোস নেই ফারিয়ার। তাঁর মতে, সে এখন চলচ্চিত্রে নিজেকে মনোনিবেশ করতে চান। এখন ধ্যানজ্ঞান সবকিছুই চলচ্চিত্র ঘিরে।