ছবির গান শীর্ষে

খুব কমই দেখা যায় ছবির গানের অ্যালবামকে বিলবোর্ডের শীর্ষ তালিকায় অবস্থান পেতে। তারকাদের একক অ্যালবামগুলোর প্রাধান্য থাকে বেশির ভাগ সময়। বরং দেখা যায়, সফল অ্যালবামের গানগুলো ব্যবহার করা হয় হলিউডি চলচ্চিত্রে। তবে ব্ল্যাক প্যান্থার ছবিতে মৌলিক গান ব্যবহার করা হয়েছে। তাই তারা প্রকাশ করেছে এর গানের অ্যালবামটিও
মার্ভেল শুধু ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্র মুক্তি দিয়ে ক্ষান্ত থাকেনি, এই ছবিতে ব্যবহৃত গানগুলো নিয়ে প্রকাশ করেছে অ্যালবাম। শিরোনাম ব্ল্যাক প্যান্থার: দ্য অ্যালবাম। হলে যেমন সদ্যমুক্তি পাওয়া ব্ল্যাক প্যান্থার দর্শক মাতাচ্ছে, তেমনি মাতিয়ে রেখেছে এর অ্যালবামের শ্রোতাদের। প্রমাণ পাওয়া যায় বিলবোর্ডের নতুন তালিকা খেয়াল করলে। বাঘা বাঘা সংগীত তারকাদের বড় বাজেটের গানের অ্যালবামগুলোকে টেক্কা দিয়ে ব্ল্যাক প্যান্থার: দ্য অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহেই প্রথম স্থানে অবস্থান করছে। অবশ্য এই অ্যালবামেও গেয়েছেন বাঘা তারকারাই।
খুব কমই দেখা যায় ছবির গানের অ্যালবামকে বিলবোর্ডের শীর্ষ তালিকায় অবস্থান পেতে। তারকাদের একক অ্যালবামগুলোর প্রাধান্য থাকে বেশির ভাগ সময়। বরং দেখা যায়, সফল অ্যালবামের গানগুলো ব্যবহার করা হয় হলিউডি চলচ্চিত্রে। তবে ব্ল্যাক প্যান্থার ছবিতে মৌলিক গান ব্যবহার করা হয়েছে। তাই তারা প্রকাশ করেছে এর গানের অ্যালবামটিও। এর আগে মার্ভেলের ছবিগুলোতে অন্যান্য বিখ্যাত গান ব্যবহার করতে দেখা গেছে। মোট ১৪টি গান নিয়ে সাজানো হয়েছে ব্ল্যাক প্যান্থার: দ্য অ্যালবাম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ক্যান্ড্রিক ল্যামার, সিজা, স্কুলবয় কিউ, টু চেইঞ্জ, খালিদ, সুয়াই লি, জর্জা স্মিথ, জেমস ব্ল্যাক, ট্রাভিস স্কট, জে রক, দ্য উইকেন্ড, ফিউচার, ভিন্স স্ট্যাপলসসহ অনেকে। মূল গান ‘ব্ল্যাক প্যান্থার’ ছাড়াও অ্যালবামটিতে আছে ‘অল দ্য স্টারস’, ‘দ্য ওয়েজ’, ‘উপসস’, ‘আই অ্যাম’, ‘প্যারামেডিক’, ‘ব্লাডি ওয়াটারস’, ‘কিং ইজ ডেড’, ‘রিডেম্পশন ইন্টারলুড’, ‘রিডেম্পশন’, ‘সিজনস’, ‘বিগ শট’ ও ‘প্রে ফর মি’ শিরোনামের গান। এখান থেকে তিনটি গান ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। সমালোচকেরা বলছেন, এই অ্যালবাম হচ্ছে মার্ভেলের ‘মাস্টারপিস’। টপ ডাউগ এন্টারটেইনমেন্ট ও ওয়াল্ট ডিজনি স্টুডিওসের মতে, মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের ইতিহাসে এই প্রথম কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য নির্দিষ্ট মৌলিক গান ব্যবহার করা হয়েছে।
গত সপ্তাহে বিলবোর্ড তালিকায় শীর্ষে ছিল জাস্টিন টিম্বারলেকের অ্যালবাম ম্যান অব দ্য উডস। ব্ল্যাক প্যান্থার: দ্য অ্যালবাম একে হটিয়ে এ সপ্তাহে শীর্ষে জায়গা করে নিয়েছে। আছে এবার দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থান দখল করেছে আরেক চলচ্চিত্র দ্য গ্রেটেস্ট শোম্যান-এর অ্যালবাম। মিগোজের অ্যালবাম কালচার টু আছে চতুর্থ স্থানে। চলচ্চিত্রের অ্যালবাম কিন্তু আরও একটি আছে এই তালিকায়। পঞ্চম স্থানে আছে ফিফটি শেডস ফ্রিড ছবির অ্যালবাম। তিনটি ছবির গানের অ্যালবাম এবার বিলবোর্ড তালিকার শীর্ষ পাঁচে অবস্থান করছে। বিগত এক দশকে এই ঘটনা দ্বিতীয়বার ঘটল। দেখা যাক চলচ্চিত্রের রেশ কত দিন থাকে গানের জগতে।
সৈয়দা সাদিয়া শাহরীন
রোলিং স্টোন ও বিলবোর্ড ম্যাগাজিন অবলম্বনে