ছবির গানে এক হলেন সামিনা-কনক
সংগীতাঙ্গনের জনপ্রিয় দুই তারকাশিল্পী সামিনা চৌধুরী ও কনকচাঁপা। বিভিন্ন সময়ে একই ছবিতে কণ্ঠ দিলেও এ দুজন এর আগে কখনোই এক গানে একসঙ্গে কণ্ঠ দেননি। এবারই প্রথম তাঁরা একসঙ্গে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির গানে কণ্ঠ দিলেন।‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। সম্প্রতি মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘আয় না আয় চাঁদ মামা’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার। সামিনা চৌধুরী বলেন, ‘ যদিও এর আগে কনকচাঁপা আর আমি অনেকবার একই ছবিতে গান গেয়েছি, কিন্তু একই গানে দুজনের কণ্ঠ এর আগে কখনো দেয়া হয়নি। গানটি খুবই ভালো হয়েছে। অনেক দিন পর একটি পারিবারিক গান গাইলাম।’ এদিকে, কনকচাঁপা জানিয়েছেন, ‘সত্যি বলতে, গানের কথাগুলো আমার নিজের কাছে অনেক আপন মনে হয়েছে। সব মিলিয়ে বলব, দর্শক-শ্রোতারা নতুন একটি স্বাদ পাবেন এই গানের মাধ্যমে।’এম এ হালিম কথাচিত্র প্রযোজিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির শুটিং চলছে এফডিসিতে। ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে সামিনা চৌধুরী ও কনকচাঁপার গানে শাবনূর ও মৌসুমী ঠোঁট মেলাবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।