ছবির গানে কনার সঙ্গে রাফাত

প্রথমবারের মতো একসঙ্গে গান করলেন কনা ও রাফাত। তাঁদের গাওয়া প্রথম গানটি থাকছে শাহীন সুমন পরিচালিত ‘মন শুধু চায়’ ছবিতে। ‘মন দিয়েছি, দিয়েছি এই মন/ প্রেমেরই আদরে রেখো সারাটি জীবন’—এমন কথায় গানটি লিখেছেন শাহ আলম, সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।
কনা জানান, ‘সিনেমার গান সাধারণত যে ধরনের হয় এ গানটিও তেমনই। শুনতে খারাপ লাগবে না।’ আর সহশিল্পী প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘রাফাত সুফি ধাঁচের গান করে থাকে। ‘মন শুধু চায়’ ছবির গানটিও অনেকটা সেই ধরনের হওয়ায় তাঁর কণ্ঠে দারুণভাবে মানিয়ে গেছে। গানটি শুনতে শ্রোতাদের মন্দ লাগবে না।’
রাফাত বলেন, ‘ব্যক্তিগতভাবে কনা আপুর গান আমার বেশ পছন্দ। তাঁর সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
‘মন শুধু চায়’ ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন সায়মন, কেয়া, সূর্য, বিন্দিয়া প্রমুখ।
উল্লেখ্য, কনার সর্বশেষ একক অ্যালবাম ‘সিম্পলি কনা’ আর রাফাতের তৃতীয় ও সর্বশেষ একক অ্যালবাম ‘সুফিয়ানা’ প্রকাশিত হয় গত বছর।