ছবির গানে হাবিবের সুরে গাইলেন কণা-ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সংগীতপরিচালক ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুরে গান করার অভিজ্ঞতা রয়েছে এ প্রজন্মের কণ্ঠশিল্পী কণা ও ইমরান দুজনেরই। হাবিবের সুরে কণা কণ্ঠ দিয়েছেন অ্যালবামের গানে আর ইমরান বিজ্ঞাপনের জিঙ্গেলে। এবার হাবিবের সুর ও সংগীতে দুজনই কণ্ঠ দিলেন চলচ্চিত্রের একটি গানে। রিপন খান পরিচালনায় নির্মিত ছবিটির নাম ‘তুমি সন্ধ্যার মেঘমালা’।চলচ্চিত্রের গানে এটিই কণা ও ইমরানের গাওয়া প্রথম দ্বৈত গান।‘আমি জুলিয়েট তুমি রোমিও, মনে মনে এক হলে হয়ে যায় প্রেম’ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন। ৯ আগস্ট রাতে হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।ইমরান বলেন, ‘হাবিব ভাইয়ের সুরে আমি বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হাবিব ভাইয়ের সুরে কোনো অ্যালবাম বা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার। প্রথবারের মতো হাবিব ভাইয়ের সুরে কোনো গানে কণ্ঠ দিলাম; তা-ও আবার চলচ্চিত্রের গান। সত্যিই আমি খুব আনন্দিত!’‘তুমি সন্ধ্যার মেঘমালা’ চলচ্চিত্রে মোট গান থাকবে সাতটি। এর মধ্যে তিনটি একক গানে কণ্ঠ দেবেন হাবিব, থাকবে ন্যান্সির একটি একক। এ ছাড়া দুটি দ্বৈত গানে কণ্ঠ দেবেন হাবিব-ন্যান্সি।‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবির গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও সুমী (চিরকুট)। এই চলচ্চিত্রের প্রধান দুই অভিনয়শিল্পী হলেন ইমন ও মীম।