ছবির জন্য একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষণ সূত্রধরের একটি বয়ন শিল্পকর্ম
লক্ষণ সূত্রধরের একটি বয়ন শিল্পকর্ম

মহানগরের মানুষেরা মহাব্যস্ত থাকবে, সেটাই স্বাভাবিক। এর ভেতরেও একটি দিনের জন্য যানজট, কালো ধোঁয়া, গাড়ির হর্নের আওয়াজ আর দাবদাহকে ক্ষমা করা যায় শুধু শিল্পের জন্য। এসব উপেক্ষা করে বাসা বা কর্মক্ষেত্র কিংবা ক্যাম্পাসের সব থেকে কাছের গ্যালারিটিতে বেরিয়ে আসা যাক। জেনে নেওয়া যাক, কোন গ্যালারিতে চলছে প্রদর্শনী।
জানা গেল, ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে শিল্পী তাজুল ইসলাম ও লক্ষণ সূত্রধরের যৌথ বয়নশিল্প প্রদর্শনী। ১১ সেপ্টেম্বর সেটি উদ্বোধন করে গেছেন চিত্র সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকেলে গ্যালারির আঙিনায় গিয়ে দেখা গেল কজন শিল্পরসিক আড্ডা দিচ্ছেন। সামনে চায়ের পেয়ালা। গ্যালারির ভেতরে এক তরুণী বয়নশিল্পের ফ্রেমগুলোর সামনে ডিজিটাল ক্যামেরা ধরে ছবি তুলে নিচ্ছেন। যে ছবিগুলো সহজবোধ্য, তিনি শুধু সেগুলোর ছবিই নিচ্ছেন।
তাজুল ইসলামের বেশির ভাগ শিল্পকর্মই বিমূর্ত। সৌভাগ্যবান বলেই হয়তো শিল্পীর দেখা পেয়ে যাই। ব্যাগ খুলে একটা অ্যালবাম বের করে একজন শিল্পবোদ্ধাকে দেখাচ্ছিলেন তিনি। একটা ছবিতে ডান হাতটা উঁচু করে হাসিমুখে চেয়ে আছেন বঙ্গবন্ধু। শিল্পী জানান, ছবিটা প্রদর্শিত হয়েছে বেশ কয়েক জায়গায়। এ শিল্পকর্মটির বেশ কয়েকটি ফরমায়েশও পেয়েছেন তিনি। বললেন, ‘আমার কাজগুলো যাঁরা সংগ্রহ করেন তাঁদের নাম শুনলে অবাক হবেন।’
তাঁদের নাম শুনে অবাক হলাম না। কেননা ওই পৃষ্ঠপোষকেরা আছেন বলেই শিল্পের কদর এখনো আছে। সাতচল্লিশের দেশ বিভাগের আগের বছর জন্ম নেওয়া তাজুল ইসলাম জানান, ২০১১ ও ২০১২ সালে ৪টি প্রদর্শনী করেছেন। সেসবে তাঁর শিল্পকর্ম বিক্রি হয়েছে প্রায় ১৮ লাখ টাকায়।
গ্যালারির নির্বাহী পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামানকে পাওয়া যায় তাঁর কক্ষে। তিনি জানান, শিল্পী লক্ষণ সূত্রধর একটু অসুস্থ। না হলে এখানে থাকতেন।
লক্ষণের ছবিগুলো কিন্তু মূর্ত। তিনি বুনেছেন স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ছবি ও স্কাউটের লোগো। দেখা হলে জেনে নেওয়া যেত ছাত্রজীবনে স্কাউট ছিলেন কি না এই শিল্পী। এ ছাড়া আরও আছে নদীতে নৌকার দৃশ্য, ফুলদানি, মাদার তেরেসা। তাঁর একটি ছবির নাম ‘দুঃখ’।
২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত একটু ঘুরে এলে ভালো লাগবে সবার।