ছবির নাম 'ঊনপঞ্চাশ বাতাস'

ছবির নাম ‘ঊনপঞ্চাশ বাতাস’ কেন? নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘সবার জীবনেই কিছু অনুভূতি থাকে, যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এ রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে “ইনকমপ্লিট ব্রেথ”। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র “ঊনপঞ্চাশ বাতাস”। এখানে গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’
নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। তাঁর অন্য পরিচয়গুলো হলো, তিনি নাট্যকার, শিল্পনির্দেশক, গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী। তাঁর প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।
ছবিতে কে কে অভিনয় করছেন? মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমার ছবিতে নায়ক-নায়িকা মুখ্য নন। আমি মনে করি, এই ছবির গল্প হবে মূল আকর্ষণ। আমি একটা গল্প বলতে চেয়েছি। তাই কে কে অভিনয় অভিনয় করছেন, এই দিকটাতে আমি প্রাধান্য দিইনি। গল্প যতটুকু চেয়েছে, আমি আমার মতো করে শিল্পীদের কাছ থেকে তার পুরোটাই বের করে নিয়েছি। যখন তাঁরা ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তখন চিত্রটাই পাল্টে গেছে।’

এই ছবিতে দর্শক কী দেখতে পাবেন? মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমার এই চলচ্চিত্রের ভেতর দিয়ে দর্শক রোজকার চেনা জগতের ভেতরে সম্পূর্ণ নতুন কিছু দেখবে, সেটা মোটামুটি নিশ্চিত করে বলতে পারি।’
জানালেন, এই ডিসেম্বর মাসেই তাঁর ছবির পুরো শুটিং শেষ হবে। এরপর শুটিং-পরবর্তী কাজ করবেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি দর্শক কবে দেখতে পাবেন? মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘কোনো উৎসব উপলক্ষে আমি ছবিটি মুক্তি দিতে চাই। খুব ইচ্ছা আছে পয়লা বৈশাখে।’
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল। ছবিটির নির্মাণ প্রতিষ্ঠান রেড অক্টোবর। প্রযোজনা করছেন আসিফ হানিফ। নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।
মাসুদ হাসান উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র নির্মাণ তাঁর পেশা। এ ছাড়া নিজের প্রতিষ্ঠান রেড অক্টোবর থেকে ইভেন্টসহ বিভিন্ন ধরনের কাজ করছেন নিয়মিত। তাঁর পরিচালিত নাটক আর টেলিছবির মধ্যে আছে ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’।