ছবির প্রচারণায় অক্ষয়-ক্যাটরিনা
২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ফারাহ খান পরিচালিত চলচ্চিত্র ‘তিস মার খান’। ছবিটির একটি গান ‘শিলা কি জাওয়ানি’ এরই মধ্যে দর্শক-শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই ছবিটি নিয়ে বাড়তি কিছু ভাবছেন এর নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে ছবিটি নিয়ে নানা ধারনের প্রচারণার কাজে নেমেছেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ছবিটির প্রচারণার জন্য তাঁরা দুজনে এখন ভারত ভ্রমণে বেরিয়েছেন। অভিনব কায়দায় দুজনেই প্রচারণার কাজ করছেন। মুম্বাই থেকে বেরিয়ে তাঁরা পশ্চিম ভারত হয়ে উত্তর ভারতের প্রায় সব জায়গায় প্র্রচারণার কাজ করছেন। কখনো কোনো শপিংমলে গিয়ে ক্রেতাদের সঙ্গে। আবার কখনো স্টেডিয়ামের ভেতরে। অক্ষয়-ক্যাটরিনার এ ধরনের প্রচারণায় এসব এলাকার লোকজন ছবিটি নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠছে।এদিকে জানা গেছে, অভিনব প্রচারের যিনি পথপ্রদর্শক সেই আমির খান এখন ওই পন্থা ছেড়ে প্রচারের জন্য অন্য নতুন কোনো কৌশল নিয়ে ভাবছেন।