ছবির প্রচারণায় ইমন-জানভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও যশোরে গেলেন ইমন ও জানভি। না, কোনো শুটিংয়ের কাজে নয়। উদ্দেশ্য, ছবির প্রচারণা। ৩১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ইমন-জানভি অভিনীত প্রথম ছবি জানে না এ মন।
এম এ রহিম পরিচালিত এই ছবির প্রচারণার কাজেই ঢাকার বাইরে যাচ্ছেন ইমন ও জানভি। গতকাল বুধবার বিকেলে এফডিসি থেকে তাঁরা যাত্রা শুরু করেন। তাঁদের সঙ্গে যাচ্ছেন পরিচালক, প্রযোজকসহ শুটিং-সংশ্লিষ্ট অনেকেই। অভিনেত্রী জানভি জানান, প্রথমে তাঁরা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাগরিকা সিনেমা হলে যাবেন। দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখা থেকে শুরু করে নানা ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। বলে রাখা ভালো, এই উপজেলার সাগরিকা সিনেমা হলে নির্দিষ্ট তারিখের আগের দিন সিনেমা মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আগামীকাল তাঁরা যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলে যাবেন বলে জানা গেছে।