ছবির প্রচারে নয়া কৌশল
গত শতকের সত্তর দশকের বেলবটম ট্রাউজার, চওড়া বেল্ট, কান ঢাকা হিপি চুল আর গায়ে ফুলছাপ জামা—এ রকম ফ্যাশনে প্রযোজক, পরিচালক বিপুল শাহর মুক্তি প্রতীক্ষায় হিন্দি ছবি ‘অ্যাকশন রিপ্লে’তে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। এমনকি ছবির প্রধান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও সত্তর দশকের পোশাকে দেখা যাবে। খবরটা এরই মধ্যে সবার জানা হয়ে গেছে। নুতন খবর হলো ছবিটির প্রচারেও নেওয়া হয়েছে বেশ কিছু নতুন কৌশল।পরিচালক বিপুল শাহ এরই মধ্যে সব অভিনব কায়দা ঠিক করে ফেলেছেন। ছবিটির প্রচারণায় ব্যবহার করা হবে পুরোনো দিনের ডজ ইম্পালা গাড়ি। এ গাড়িতে করে পুরো মুম্বাই শহর ঘুরে বেড়াবেন ছবির প্রধান দুই শিল্পী অক্ষয় কুমার ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কখন কোথায় যাবেন, তা আপাতত গোপন রাখা হয়েছে। জানা গেছে, এ ব্যপারে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন ও অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না দুজনেই সম্মতি দিয়েছেন।