ছবির ফ্রেমে 'অপরাজেয় বাংলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল মিশুক মুনীরের বই মন জানালার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল মিশুক মুনীরের বই মন জানালার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা l ছবি: প্রথম আলো

‘অপরাজেয় বাংলা’র নির্মাণকাজ চলছে। একজন তরুণ ভাস্কর্যটির চারপাশ ঘুরে ঘুরে ছবি তুলছেন। এভাবে দুই-তিন দিন চলে যায়। ব্যাপারটি চোখে পড়ে ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের। পরিচিত হন পরস্পর। হয়ে যান ঘনিষ্ঠ বন্ধু। সেই তরুণটি আশফাক মুনীর। মিশুক মুনীর নামেই পরিচিত তিনি। ‘অপরাজেয় বাংলা’র নির্মাণপর্বের সেই ছবিগুলো নিয়ে তৈরি হয়েছে বেঙ্গল পাবলিকেশনসের বই মন জানালা।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বইটির প্রকাশনা অনুষ্ঠান। সেখানে এভাবেই মিশুক মুনীরকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন অপরাজয় বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তাঁর পেশাগত দক্ষতার প্রতি যে আগ্রহ ছিল, সেটি সত্যিই সবার জন্য শিক্ষণীয়। তিনি অল্প সময়ে যে স্মৃতি রেখে গেছেন, সেটি রক্ষা করতে হবে।
আনিসুজ্জামান বলেন, আজকে অপরাজেয় বাংলা বাংলাদেশের একটি মুখ হিসেবে পরিচিত হয়েছে। এই বইয়ের মাধ্যমে দুজন শিল্পীর সঙ্গে পরিচিত হওয়া যায়। একজন এর ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ, আরেকজন আলোকচিত্রশিল্পী মিশুক মুনীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত। বক্তব্য দেন ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্যজন ম হামিদ, সাংবাদিক হাসান হাফিজ ও মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী।