ছবির মতো ভাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ
আসিফ

আমি তো ছিলাম সাধারণ, ছাপোষা মানুষ। তারকা হব, লোকজন আমায় চিনবে—এমনটি স্বপ্নেও ভাবিনি। কিন্তু কীভাবে কীভাবে যেন তারকা বনে গেলাম! এ ক্ষেত্রে ভাগ্য আমার সহায় হয়েছে—এ কথা বলতেই হবে। আমি সাধারণত আমার শহর কুমিল্লাতেই ঈদ করি।

 ঈদের সময় বাড়িতে গেলে বেশ মজার কিছু ঘটনা ঘটে। আমার ভক্তরা জানেন, ঈদের দিন আমাকে বাড়িতে পাওয়া যাবে। তাই ঈদের নামাজের পরপরই তাঁরা কুমিল্লায় পুরোনো চৌধুরীপাড়ায় আমাদের বাড়ির সামনে ভিড় করেন। তাঁদের সঙ্গে দেখা করতে হয়, কথা বলতে হয়। ফলে আগে যেভাবে বন্ধুবান্ধবের সঙ্গে হইচই করে ঈদ করতাম, এখন তেমনটি হয় না।

 ভক্তদের প্রতি একটা দায়বদ্ধতার ব্যাপার থাকে। অনেক ঈদে এমনও হয়েছে, ভক্তরা বাসায় এসে আমাকে না পেয়ে আমার গাড়ির ছবি তুলে নিয়ে গেছে। তবে ঈদ এলে খুব মনে পড়ে আমার আগের জীবন—ঈদের দিন সেই যে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে আমাদের জিপসি অডিওর দোকানে জম্পেশ আড্ডা হতো, গান হতো—এসব কেবলই চোখে ছবির মতো ভাসে।