ছবির মতো স্মৃতি
গত মঙ্গলবার বিকেলে অভিনেতা খালেদ খান ছিলেন লাইফ সাপোর্টে, বারডেম হাসপাতালের আইসিইউতে। তাঁর মেয়ে জয়ীতা তখন প্রথম আলোকে বলছিলেন বাবার কথা

তুমি শুয়ে আছ আর আমার মনে ছবির মতো ভেসে উঠছে কত কত স্মৃতি! বাবা, তুমি এখন আইসিউতে আর আমি এই বারডেম হাসপাতালের করিডরে বসে আছি তোমার জেগে ওঠার, সুস্থতার প্রতীক্ষায়। কখন তুমি আবার আমায় ‘আম্মু’ বলে ডাকবে? তোমাকে সব সময় বাবা বলে ডেকেছি—আব্বু, আব্বা শব্দগুলো কখনোই মুখে আসেনি। মনে পড়ে বাবা, আমি তখন খুব ছোট, আমরা থাকতাম নাখালপাড়ায়। সকালবেলা তুমি অফিস যাওয়ার সময় চিৎকার করে কাঁদতাম আমি। আমার কান্না দেখে চোখে জল আসত তোমারও।
একটু বড় হওয়ার পর তুমি আমাকে নিয়ে যেতে নাটকের মহড়ায়। কী সুন্দর সময় ছিল সেসব! দেওয়ান গাজীর কিসসায় তুমি করতে মাখন চরিত্রটি। আর রক্তকরবীতে ছিলে বিশু পাগল। বাবা, তুমি কি জানো, তোমাকে সে সময় দেখতাম আর মুগ্ধ হতাম—আমার ঘোর কাটত না বাবা। তুমি ও মা (মিতা হক) দুজনে আমাকে একটি সুন্দর জীবন দিয়েছ, স্বাধীনতা দিয়েছ—কখনো কোনো চাপ দাওনি। মা রবীন্দ্রসংগীতশিল্পী; রবীন্দ্রনাথের গান তো শুনিই, তবে সব ধরনের গান শোনার প্রেরণা আমি পেয়েছি তোমার কাছ থেকেই। আমাকে তুমি নানা শিল্পীর গান শোনাতে। বলতে, এগুলো শোনো। শুনে কান তৈরি করো।
আমার কান হয়তো আজও তৈরি হয়নি। তোমাকে গান শোনাতে গেলে সবচেয়ে বেশি ভয়ে থাকি আমি। কারণ, জানি যে তুমি খুব খুঁতখুঁতে। কখন কী ভুল ধরো! তবে আমার প্রথম অ্যালবাম বেরোনোর পর খুব মন দিয়ে সবগুলো গান শুনলে তুমি। তারপর যা বললে, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সেটি। তুমি বললে, ‘ভালোই তো, ভালো হয়েছে।’ তোমার এই একটিমাত্র বাক্য আমাকে কতটা খুশির ভেতরে ভাসিয়ে দিয়েছে, তুমি কি জানো বাবা?
সব সময় সারপ্রাইজ দিতে পছন্দ করতে। ২০১১ সালের ৩০ নভেম্বর। আমার জন্মদিন। রাত ঠিক ১২টা বাজতেই আমাকে ডাকলে বসার ঘরে। ওই ঘরে এসে তো আমার চক্ষু চড়কগাছ—সারা ঘরে ফ্রেমে ফ্রেমে বাঁধিয়েছ আমার ছবি এবং সেই ছবির পাশে আমাকে শুভেচ্ছা জানিয়ে রয়েছে অজস্র কার্ড! এমনভাবে কেউ কোনো দিন তার মেয়ের জন্মদিন পালন করেছে কি না, আমি জানি না বাবা।
তোমার অপূর্ব প্রাণশক্তি দেখে মাঝেমধ্যে অবাক লাগে! যখন থেকে ধীরে ধীরে মোটর নিউরন ব্যাধিটি তোমাকে গ্রাস করতে শুরু করল, ভেঙে পড়োনি, হতাশ হওনি। বরং নিজের মতো করে নতুন একটি জগৎ গড়ে নিয়েছিলে। যেসব মানুষ জীবনজয়ী, তাঁদের বই পড়তে, তাঁদের সম্পর্কে বলতে। আর মেডিটেশন করে নিজের মধ্যে অন্য রকম এক শক্তি তৈরি করেছিলে। তোমাকে দেখে সেই শক্তির আলো আমি নিজের মধ্যেও অনুভব করি।
যখন বারডেমের সাততলার করিডরে বসে তোমাকে ভাবছি, মনে পড়ছে, ১৬ ডিসেম্বর শেষবার তুমি বাসা থেকে বেরিয়েছিলে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। পথে অনেক জ্যাম, পথে আটকে ছিলে তিন ঘণ্টা। এই সময়ে হঠাৎ হূৎস্পন্দন বন্ধ হয়ে গেল তোমার। বন্ধ ছিল এক ঘণ্টা। তার পরও অসীম সাহসে লড়ছ তুমি।
বাবা, তোমার লড়াই দেখে আমি সাহস পাই। তোমাকে দেখে সাহস পাই জীবনে জয়ী হওয়ার। জেগে ওঠো তুমি। তোমার আম্মু তোমাকে ডাকছে, বাবা!
১৭ ডিসেম্বর ২০১৩