ছবির সঙ্গে ছবি

পেছনে আঁকা ছবি, সামনে তাক করা স্মার্টফোনের ক্যামেরা। মাঝখানে আঁকিয়ে ও তাঁর বন্ধুরা। ছবির সঙ্গে ছবি তুলছে তারা। কেউ একজন ছবি তুলে দিলেও পারত। কিন্তু ছবি থেকে বাদ পড়তে চায় কে! তাই ভরসা সেলফি।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে এক ঝাঁক তরুণের যৌথ চিত্র প্রদর্শনী ‘কালারস অব ইয়ুথ’। এই ইয়ুথরা প্রায় সবাই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। ‘এ’ লেভেলের গণ্ডি পার করেনি কেউই। কিন্তু আঁকা ছবি দেখে বোঝা যাবে না যে ছবি আঁকা তাদের তৃতীয় কিংবা চতুর্থ বিষয়।
স্কুলের পরীক্ষার আগে তারা শিল্পী ফরিদ হোসেন সিদ্দিকীর কাছে অঙ্কনবিদ্যাটা ঝালাই করে নিতে যায়। সেখান থেকেই তাদের পাকা আঁকিয়ে হয়ে ওঠা। শিক্ষক ফরিদ বলেন, ২০০৪ সাল থেকে তিনি ছবি আঁকার কোচিং করাচ্ছেন। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গত বছর থেকে এ রকম প্রদর্শনী শুরু করেছেন তিনি।

‘শুধু আঁকলেই তো তৃপ্ত হওয়া যায় না। সবাই চায় তাদের আঁকানো ছবি কেউ দেখুক। তাই এই প্রদর্শনী। প্রদর্শনীর লোভেও অনেকে ভালো আঁকে’, বললেন চারুকলার সাবেক শিক্ষার্থী শিল্পী ফরিদ হোসেন সিদ্দিকী। চারুকলায় পড়াকালীন দু-একজন বন্ধুর নাম জানতে চাইলে তিনি বলেন, ‘রোকেয়া সুলতানাকে চেনেন?’
বিকেলে প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শহিদ কবীর ও নরওয়ে দূতাবাসের হেড অব মিশন হেনরিক উইড।
প্রদর্শনীর ছবি নিয়ে শহিদ কবীরের কাছে জানতে চাইলে বলেন, ‘চারুকলার শিক্ষার্থীদের প্রদর্শনীটি দেখা উচিত। এগুলো শুধুই নম্বর পাওয়ার জন্য আঁকা নয়। একেবারে তুচ্ছ জিনিসকে কীভাবে ভালোবাসতে হয়, ফরিদ ওদের সেটা শিখিয়েছে। দারুণ এঁকেছে ওরা।’

কথা হয় তরুণ আঁকিয়ে আনিকা বুশরা, শারদ প্রতীতি, তানহা বিনতে আজম ও নুজহাত লামিসার সঙ্গে। গান শোনার চেয়েও ছবি আঁকতে ভালোবাসে তারা।
ছবিগুলো বিক্রি হয়ে গেলে খুশি হবে?
আনিকা বলে, ‘না হলেই ভালো। অনেক কষ্ট করে এঁকেছি।’ একটা ছবির দিকে ইশারা করে সে জানায়, রাতের পর রাত সেটাতে তুলি চালাতে হয়েছে। শারদ প্রতীতি বলে, ‘কত বড় শিল্পীদের ছবি এই দেয়ালগুলোতে ঝোলে। সেখানে আমাদের ছবি ঝুলছে। এটা ভীষণ এক্সাইটিং।’
প্রদর্শনী শেষ হবে ৯ মার্চ। গ্যালারিটি ঘুরে আসা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ২৫ জন শিক্ষার্থীর ১০০টি ছবি নিঃসন্দেহে ভাবনার খোরাক জোগাবে দর্শনার্থীদের।