ছবির সাফল্যে খুশি অঙ্কুশ

ভারতের বাংলা ছবির অভিনয়শিল্পী অঙ্কুশ আর শুভশ্রী এবার অভিনয় করেছেন আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে। যৌথ প্রযোজনার এই ছবি ভারতের কলকাতা ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ছবিটি দুই দেশেই দারুণ সাফল্য পেয়েছে। আর তাতে খুব খুশি অঙ্কুশ। গত মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘কলকাতায় যেদিন ছবিটি মুক্তি পায়, সেদিন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তাই একটু চিন্তা ছিল। কিন্তু তার পরের দুই দিন প্রায় সবকটি প্রেক্ষাগৃহই দর্শকপূর্ণ হয়েছে। শুনেছি বাংলাদেশেও নাকি ছবিটি সবাই দেখছে।’
এই ছবির কিছু অংশের শুটিং হয়েছে বাংলাদেশে। তখন এখানে এসেছিলেন অঙ্কুশ। ওই সময়ের অভিজ্ঞতা বললেন, ‘শুটিংয়ের দিনগুলো এক কথায় চমৎকার ছিল। শুধু ডিভিডিতে আর টিভি চ্যানেলে আমাদের ছবি দেখে ঢাকায় এত ভক্ত তৈরি হয়েছে! ব্যাপারটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এও সম্ভব!’
অঙ্কুশ নাকি জেদের বশে নায়ক হয়েছেন। বললেন, ‘ছবি দেখতে ভালোবাসতাম। স্কুল পালিয়ে হলে গিয়ে কত যে সিনেমা দেখেছি, তার হিসাব নেই। তখন নায়ক হওয়ার স্বপ্ন দেখতাম। একসময় নিজেই নায়ক হওয়ার জেদ হয়।’
আমি শুধু চেয়েছি তোমায় ছবিটি পরিচালনা করেছেন অশোক পতি। তাঁকে সহযোহিতা করেছেন অনন্য মামুন।
অঙ্কুশ প্রথম অভিনয় করেন সুজিত গুহ পরিচালিত কেল্লাফতে (২০০৮) ছবিতে। কিন্তু তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় অশোক ধনুকার ছবি। ইডিয়ট, কানামাছি, খিলাড়ি ছবিগুলো কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অঙ্কুশকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে।