ছবির সেটে ক্যামেরা ফোন নিষিদ্ধ করলেন আমির
যশ রাজ ফিল্মসের ‘ধুম ৩’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আমির খান। ছবিতে তাঁর চরিত্রটির নাম জর্ডান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছবিটির শুটিং চলাকালে গোপনে তোলা আমিরের কয়েকটি ছবি ফাঁস হয়েছিল। ভবিষ্যতে যাতে এমন কাণ্ড আর কেউ ঘটাতে না পারেন, সেজন্য ‘ধুম ৩’ ছবির সেটে ক্যামেরা ফোন নিষিদ্ধ ঘোষণা করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত এ অভিনেতা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, আমিরের ছবি ফাঁস হওয়ার পরে শুরুর দিকে ছবির সেটে সবার মুঠোফোন বন্ধ রাখতে বলা হয়েছিল। পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সম্প্রতি ছবির দলের সব সদস্যকে ক্যামেরা নেই এমন মুঠোফান সরবরাহ করা হয়েছে।সূত্রটি আরও জানিয়েছে, ছবি মুক্তির আগে আমিরের আর কোনো ছবি কিংবা তথ্য যাতে ফাঁস হতে না পারে, সে জন্যই এ ব্যবস্থা। আমিরের ব্যক্তিগত সহকারীদেরও এ নিয়ম মেনে চলতে হবে শিকাগোতে ছবিটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত। শিকাগোতে ‘ধুম ৩’ ছবির শুটিং পর্ব শেষ হচ্ছে ১৭ অক্টোবর।প্রসঙ্গত, সর্বশেষ ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ ছবিতে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গিয়েছিল আমিরকে। চার বছর বিরতির পর আবারও এ ধরনের চরিত্রে অভিনয় করছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাব পাওয়া এ শিল্পী। ছবিতে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জ্যাকি শ্রফ প্রমুখ। ‘ধুম ৩’ ছবিটি মুক্তি পাবে ২০১৩ সালে।