ছবির সেটে দুর্ঘটনা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কালা কারিকালান’ ছবির পোস্টার
‘কালা কারিকালান’ ছবির পোস্টার

‘কাবিল’ দিয়ে বাজিমাতের পর পরিচালক পা রঞ্জিত ও দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত যুগল আরও একটি ছবি নিয়ে আসছেন। ‘কালা কারিকালান’ নামের এই তামিল ছবিটিও বিশাল বাজেটের। মুম্বাইয়ে ছবির একটি অংশের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন রজনীকান্ত। বাকি শুটিং হওয়ার কথা চেন্নাইয়ে। কিন্তু সম্প্রতি ছবির সেটে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ছবির একজন কর্মী।

সূত্র জানায়, শুটিংয়ের সময় সেটের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে মাইকেল নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাইকেলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ একটি তদন্ত মামলা গ্রহণ করেছে বলেও জানা গেছে। এর আগে সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘পদ্মাবতী’র সেটেও সেট নির্মাণের সময় পড়ে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারান।

‘কালা কারিকালান’ ছবিতে মহাতারকা রজনীকান্তকে দেখা যাবে একজন গ্যাংস্টারের ভূমিকায়, যিনি বস্তিবাসীর কল্যাণের জন্য কাজ করেন। ভারতের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু এই সিনেমার জন্যই সেট ফেলে মুম্বাইয়ের ধারাবি বস্তি পুনর্নির্মাণ করা হয়েছে। এই ছবির প্রযোজক রজনীকান্তের জামাতা ও ‘রানঝানা’ তারকা ধানুশ। এখানে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে বলিউডের অভিনেত্রী হুমা কুরায়েশীকে।

এদিকে এই বছর মুক্তি পাবে রজনীকান্তের ছবি ‘২.০’। এখানে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন। জুম টিভি।