ছবির হাটে ছবির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির হাটে ‘ফ্রিডম’ শিরোনামের এক আলোকচিত্র প্রদর্শনী দেখতে আসা দর্শকের ভিড়। ছবি : প্রথম আলো
ছবির হাটে ‘ফ্রিডম’ শিরোনামের এক আলোকচিত্র প্রদর্শনী দেখতে আসা দর্শকের ভিড়। ছবি : প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত দিকে ছবির হাট খ্যাত চত্বরে এখন দেশ–বিদেশের বিচিত্র আলোকচিত্রের বিচিত্র সমাহার। এখানে স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে গ্রাম-শহর-বন্দরের অজানা শত শত জীবনের গল্প! দেশ-বিদেশের নানা প্রান্ত ঘুরে সেই বহতা জীবনের গল্পই তুলে এনেছেন ডিপার্টমেন্ট অব ফটোগ্রাফি কাউন্টার ফটোর আলোকচিত্রীরা। তাঁদের সেই ছবি নিয়ে ছবির হাটে শুরু হলো ‘ফ্রিডম’ শিরোনামের এক আলোকচিত্র প্রদর্শনী।
ছয় দিনের ‘ফ্রিডম’ আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়েছেন ১০ জন আলোকচিত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত ও কলম্বিয়ার ফটোসাংবাদিকদের ছবিও।
কার্লোস সাবেদ্রার সিরিজ ছবির শিরোনাম ‘দ্য আনরিটেন স্টোরিজ অব উইমেন ফাইটারস’। ছবিতে একাত্তরের নারী মুক্তিযোদ্ধাদের গল্প বলেছেন কার্লোস সাবেদ্রা। গৌরবের ইতিহাসের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের গল্প, তাঁদের পাওয়া না–পাওয়ার গল্প, আর স্বীকৃতি ইস্যুটি তুলে এনেছেন আলোকচিত্রী।
‘দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট’ শিরোনামের ছবিতে একাত্তরের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীদের অমানবিক দিনযাপনের গল্প তুলে এনেছেন মাশরুক আহমেদ। সারা দেশ ঘুরে একাত্তরের সেই গল্প তুলে এনেছেন এই সিরিজে, বলেছেন সে বীরমাতাদের জীবনসংগ্রামের গল্প।
অর্ক দত্ত তাঁর ‘পিকনিক’ শিরোনামে একদল তরুণের বনভোজনের ছবিতে তুলে এনেছেন পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক।
রনি সেনের সিরিজ ছবিতে উঠে আসে ভারতের ঝাড়খন্ড প্রদেশের কয়লাক্ষেত্র ঝারিয়ার ভয়াল চিত্র। উনিশ শতকের আগে ঝারিয়া ছিল এক সবুজ বনভূমি, কয়লাখনির আবিষ্কারের পর রীতিমতো পাথুরে বিরানভূমিতে পরিণত হয় ঝারিয়া। কয়লাখনি পরিবেশ, মানুষের দিনযাপনের এক ভয়াল চিত্র উঠে আসে এই সিরিজে।
সৌম্য শঙ্কর বোসের সিরিজ ছবির শিরোনাম ‘লেটস সিং অ্যান্ড ওল্ড সং’। আবহমান গ্রামবাংলার সংস্কৃতির অন্যতম মাধ্যম যাত্রাপালার নানা চরিত্রকে ফ্রেমবন্দী করেছেন তিনি। আধুনিক সংস্কৃতির প্রকোপে হারাতে বসা যাত্রাপালা আর শিল্পীদের মানবেতর দিনলিপির গল্প উঠে এসেছে তার ছবিতে। সাঈফুল হকের ‘১৩৬’ শিরোনামের ছবিতে উঠে আসে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটি। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার ইস্যুটিকে মুখ্য করে তুলে ধরেন তার আলোকচিত্রে।
‘ইনকোয়ারিং ইনার লুকস’ সিরিজের ছবিগুলো শান্তনু মজুমদারের। শান্তনু মানব অস্তিত্বের নিষ্ঠুরতার গল্পটিকে বিমূর্ত করতে চেয়েছেন তাঁর আলোকচিত্রে। স্বপ্নভঙ্গের বেদনায় কাতর আশাহত মানুষের গল্পও উঠে আসে তাঁর আলোকচিত্রে।
পার্থ সেনগুপ্তের ‘টিয়ার্স অন দ্য লাইন’ সিরিজ ছবিতে সীমান্তে মানুষ হত্যার ইস্যুটি তুলে আনেন। একের পর এক সীমান্ত হত্যায় বাংলাদেশ ও ভারতের নীতিমালা নিয়েও প্রশ্ন উঠে আসে তাঁর ছবিতে।
কাউন্টার ফটোর এই আয়োজনে সহযোগিতা করছে ইনিশিয়েটিভ ফর ম্যারিড অ্যাডলসেন্ট গার্লস ইমপাওয়ারমেন্ট (ইমেজ)। বাল্যবিবাহের সামাজিক কুফলের নানা দিক উঠে এসেছে তাদের সিরিজ ছবি ‘ইমেজ’–এ।