ছবির হাটে চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে ছবির হাটে দুই দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের শিরোনাম ‘আন্দোলনের চলচ্চিত্র উৎসব ২০১৪’। নিজেদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উৎসব আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
সংগঠনটির সভাপতি বেলায়াত হোসেন জানান, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের প্রতিবাদ আর সংগ্রামের চেতনাকে ধারণ করে তৈরি ১২টি প্রামাণ্যচিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন করা হবে এই উৎসব। আজ সন্ধ্যা ছয়টা থেকে দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র শিরোনামহীন, কানসাট আন্দোলন নিয়ে মন্দ্রিত কানসাট, সাভারের রানা প্লাজা ধসে মানুষের প্রাণহানি নিয়ে সাভারের কান্না, সাম্প্রতিক ঘটনা নিয়ে বাংলাদেশের হৃদয়, শাহবাগ আন্দোলনের ওপর নো মার্সি, জয়েন্ট দ্য ফাইট ও হেফাজতনামা। কাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে দেখানো হবে পাটকল শ্রমিক আন্দোলনের ওপর সাইরেন, ফুলবাড়ী কয়লাখনির বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের আন্দোলনের ওপর ফুলবাড়ীর সাত দিন, পোশাকশ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের ওপর অনিবার্য, লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের আন্দোলন এবং অপরাজেয় বাংলা ভাস্কর্যের ওপর নির্মিত অপরাজেয় বাংলা ও শাহবাগ আন্দোলনের ওপর নির্মিত আমার প্রতিবাদ।