ছয় দিনে কিকের দখলে ৮০ লাখ হিট

এবার ঈদেও সম্ভবত বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটাতে চলেছেন ‘এক থা টাইগার’ তারকা সালমান খান। ২৫ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবি ‘কিক’। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে ইউটিউবে। কেবল ট্রেইলার দিয়েই মাত করে দিয়েছে সালমানের ‘কিক’। ট্রেইলার মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ৮০ লাখ হিট দখলে নিয়ে বিরল নজিরই গড়েছে ‘কিক’।
‘কিক’ ছবির ট্রেইলার দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চন। এক টুইটার বার্তায় হলিউডের ছবির সঙ্গে তুলনা করে ‘কিক’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত এ অভিনেতা। তিনি লিখেছেন, ‘আপনারা কি ‘‘কিক’’ ছবির ট্রেইলার দেখেছেন! হলিউডের বড় কলেবরের যেকোনো ছবির সঙ্গে অনায়াসেই তুলনা করা যায় “কিক” ছবিটিকে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
‘কিক’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার খাতায় নাম লিখিয়েছেন ‘মুঝছে শাদি কারোগে’, ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাইওয়ে’, ‘হিরোপান্তি’সহ বহু ব্যবসাসফল ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি পোল্যান্ড, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘কিক’ ছবির শুটিং করেছেন এর প্রযোজক ও পরিচালক সাজিদ। তিনি ছবিটির ভিজুয়াল ইফেক্টসের জন্য আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের অভিজ্ঞতা আছে এমন একটি দলও ভাড়া করেছেন।
‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মিঠুন চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অর্চনা পূরণ সিং প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরিকে।
‘কিক’ ছবির সংগীত পরিচালনা করেছেন ইয়ো ইয়ো হানি সিং, হিমেশ রেশমিয়া ও সংগীত পরিচালকত্রয়ী মিট ব্রস অঞ্জন। ছবির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। এ ছাড়া মিট ব্রস অঞ্জনের সংগীত পরিচালনায় ‘হ্যাংওভার’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান।
ছবির ‘জুম্মি কি রাত’ গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিং ও পলক মুছাল। ২০ জুন শুক্রবার গানটি মুক্তি পেয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সালমান বলেন, ‘বাস্তব জীবনে কেউ আমাকে নরম ভাবলে আমি তাকে ভুল প্রমাণের চেষ্টা করি। আর কেউ আমার প্রশংসা করলে আমি পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিই।’
সালমানকে সম্মান জানাতে তাঁর অনেক বন্ধু ও ভক্ত তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। ‘জুম্মি কি রাত’ গানের মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একজন সংবাদকর্মী সালমানকে ‘ভাই’ সম্বোধন করতে চাইলে তিনি মজা করে বলেন, ‘শুধু ছেলেরাই আমার ভাই, মেয়েরা নয়। আমার কেবল চারজন বোন আছে।’