ছয় মাসের জন্য যুক্তরাষ্ট্রে আরফিন রুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের সফরে যুক্তরাষ্ট্রে গেলেন আলোচিত সংগীতশিল্পী আরফিন রুমী। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রথম আলো ডটকমের সঙ্গে কথা হয় আরফিন রুমীর। আরফিন রুমী তাঁর কাদেরাবাদের স্টুডিওতে কথা প্রসঙ্গে বলেন, ‘ছয় মাসের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছি। এর আগে কখনো এত দীর্ঘ বিদেশ সফর করিনি। এই সফরে ঢালিউড অ্যাওয়ার্ডসহ প্রবাসী বাঙালিদের আয়োজনে বেশ কটি অনুষ্ঠানে গান করব।’সস্ত্রীক আরফিন রুমীর এটিই প্রথম বিদেশ সফর। আর তাই প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে স্টেজ শোতে অংশ নেয়ার পাশাপাশি পারিবারিক গুরুত্বটাও সমানভাবে প্রাধান্য পাবে বলে জানান তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নিজের নতুন একক অ্যালবামের গানের কাজ পুরোপুরি শেষ করেছেন বলেও জানান তিনি। কথা প্রসঙ্গে রুমী বলেন, ১৩টি গান দিয়ে তাঁর এবারের অ্যালবামটি সাজানো হয়েছে। ইচ্ছে আছে সামনের ঈদে শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দেওয়ার। নতুন অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন আরফিন রুমী নিজে।অ্যালবামের কাজ ছাড়াও আরফিন রুমী মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরবর্তী ছবি ‘কানামাছি’র সংগীত পরিচালনার কাজটিও করেছেন। এরই মধ্যে অনেক কাজ গুছিয়েও নিয়েছেন তিনি। তিনি জানান, যুক্তরাষ্ট্রে কাজের ফাঁকে স্থানীয় স্টুডিওতে ‘কানামাছি’ ছবির গানগুলোর সঙ্গে নতুন কোনো কিছু যোগ করা যায় কি না, তা নিয়েও ভাবব। এ ছাড়া, প্রবাসী বেশ কজন তরুণ শিল্পীকে নিয়ে একটি নতুন প্রজেক্ট করার কথাও রয়েছে।