ছয়টি উৎসবে 'শুনতে কি পাও'
ফ্রান্সের ‘গ্রাঁ প্রি’ জেতা বাংলাদেশের ছবি শুনতে কি পাও এবার একই সঙ্গে ছয়টি উৎসবে আমন্ত্রণ পেয়েছে। উৎসবগুলো হলো জাপানের ‘ইয়ামাগাতার’ (১০-১৭ অক্টোবর), অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব ‘অ্যান্টেনা’ (২-৭ অক্টোবর), যুক্তরাজ্যের ‘টেক ওয়ান অ্যাকশন’ (২৭ সেপ্টেম্বর-১২ অক্টোবর), তুরস্কের ‘২০তম গোল্ডেন বোল চলচ্চিত্র উৎসব’ (১৬-২২ সেপ্টেম্বর), কসোভোর ‘প্রি-ফিল্ম ফেস্ট’ (২০-২৮ সেপ্টেম্বর) ও উপমহাদেশের অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘ফিল্ম সাউথ এশিয়া’ (৩-৬ অক্টোবর)।
শুনতে কি পাও ছবির পরিচালক কামার আহমাদ সাইমন জানান, জাপানের ইয়ামাগাতার এশিয়ার অন্যতম পুরোনো প্রামাণ্য উৎসব। এখানে ৬৩টি দেশ থেকে জমা পড়া ৬০৮টি ছবির মধ্য থেকে যে ১৯টি ছবি চূড়ান্তভাবে মনোনীত হয়েছে, তার মধ্যে রয়েছে শুনতে কি পাও ছবিটি। অ্যান্টেনায় শুনতে কি পাও মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। টেক ওয়ান অ্যাকশন যুক্তরাজ্যের অন্যতম নাগরিক চলচ্চিত্র উৎসব। ২০তম গোল্ডেন বোল চলচ্চিত্র উৎসব-এ ‘ডেজার্ট অব দ্য রিয়াল’ শিরোনামে বিশ্বের উল্লেখযোগ্য ১২টি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে শুনতে কি পাও।
গত বছরের অক্টোবরে জার্মানিতে ৫৫তম ‘ডক-লাইপজিগ’ উৎসবে উদ্বোধনী ছবির এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘ইডফা’য় আনুষ্ঠানিক প্রদর্শনীর মর্যাদা পেয়েছিল শুনতে কি পাও। এ বছরের মার্চে প্যারিসে অনুষ্ঠিত ‘৩৫তম সিনেমা দ্যু রিলে’ উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায় এটি।