ছাড়িলাম হাসনের নাও রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লোকে বলে, বলে রে, ঘরবাড়ি বালা না আমার’ সমবেত কণ্ঠের গানটি দিয়ে গতকাল সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হয় ‘জাতীয় হাসন রাজা লোক উৎসব’। প্রথমবারের মতো ঢাকায় যৌথভাবে এ উৎসবের আয়োজন করে জাতীয় জাদুঘর ও হাসন রাজা পরিষদ।
বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি নিজেও গানের ভক্ত। প্রচুর গান শুনি। হাসন রাজার স্মৃতিবিজড়িত বাড়িটিতে হুিমায়ূন আহমেদের সঙ্গে বহু সময় কাটিয়েছি। এই মরমি সাধকের জীবন রাজা নয়, মানুষের মতো কেটেছে। তাঁর জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।’
হাসন রাজার চতুর্থ বংশধর, প্রপৌত্র সামারীন দেওয়ান জানান, আগে কখনো শোনা যায়নি—হাসনের এ রকম শতাধিক গান নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। গানগুলো সিডিতেও সংরক্ষণ করা হবে।
উপস্থিত অতিথিরা বইটির মোড়ক খোলেন। আয়োজকেরা জানান, সুনামগঞ্জে তৈরি হচ্ছে হাসন রাজা একাডেমি। উৎসবের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কৈশোরে আমাদেরও একটি গানের আসর ছিল। সিলেটে ওই সময়ের অনেক শিল্পীকে মারফতি ধারার চর্চা করতে দেখা গেছে। ভাটির সঙ্গে যাঁদের যোগ ছিল, তাঁরা সে সময় একটা উৎসবময় জীবন যাপন করতেন।’
বিভিন্নভাবে এই মরমি শিল্পীকে মানুষের কাছে তুলে ধরার জন্য এবারের উৎসবে হাসন রাজা পরিষদ সম্মাননা দেওয়া হয় মৃদুল কান্তি চক্রবর্তী (মরণোত্তর), হুরমায়ূন আহমেদ (মরণোত্তর) ও শিল্পী সেলিম চৌধুরীকে।
মূল সংগীতানুষ্ঠানের আগে হাসন রাজার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর হাসন রাজা পরিষদের শিল্পীরা গেয়ে শোনান ‘মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে’ এবং ‘ছাড়িলাম হাসনের নাও রে’ গান। এ ছাড়া হাসনের গানের সঙ্গে নাচও পরিবেশন করেন শিল্পীরা।
আলোচনা পর্বে এ কে এ মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, নর্দান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনোয়ারুল করিম ও প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী।