ছাত্রীনিবাসে মীম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী বিদ্যা সিনহা মীম। কিন্তু কখনই বিশ্ববিদ্যালয়ের হলে থাকা হয়নি তাঁর। হল-জীবন সম্পর্কে তেমন ধারণাও নেই। তবে এবার তাঁকে ঠিকই মেয়েদের হোস্টেলে উঠতে হয়েছে। মণিপুরীপাড়ায় একটি ছাত্রীনিবাসে থাকছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। অবাক হওয়ারই কথা! মেয়েটা বিশ্ববিদ্যালয়ে নিজ আবাসিক হলে না থেকে কি না বেসরকারি ছাত্রীনিবাসে থাকছেন! ব্যাপারটা বাস্তব না হলেও নাটকের প্রয়োজনে তাঁকে থাকতে হবে। এমনই একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ইশতিয়াক আহমেদ রোমেলের রচনা ও পরিচালনায় নাটকটির নাম মন এ পুরিপাড়া। বাস্তবে বিশ্ববিদ্যালয়ের হলে থাকার অভিজ্ঞতা না থাকলে ছাত্রীনিবাসে মানিয়ে নিয়ে অভিনয়ের সমস্যা হচ্ছে কি না? মীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে না থাকলেও বান্ধবীর সঙ্গে তো হলে প্রায়ই যাওয়া-আসা আছে। পরীক্ষার আগে আগে নোট সংগ্রহের জন্য যেতে হয়। এ কারণে হল-জীবনটা সম্পর্কে কিছুটা ধারণা জন্মেছে। তাই এমন একজন ছাত্রীর চরিত্র করতে ভালোই লাগছে। নাটকে অনেক মজা করে অভিনয় করছি।’ মীম জানান, তাঁর এই নাটকটি সামনের ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।