
‘বাক্সে বাক্সে বন্দী বাক্স, বাক্সে বাক্সে বন্দী বাসা/ বাক্স দিয়ে বাক্স গড়া, বাক্সতে সব স্বপ্ন আশা...।’ সংগীতশিল্পী অর্ণব শহরের উঁচু উঁচু দালান আর ফ্ল্যাটকে তুলনা করেছেন বাক্সের সঙ্গে। হুম্, বাক্সই বটে! আপনার ইট-পাথরের বাক্সের ভেতর যদি ঢুকে পড়ে একঝাঁক সবুজ, কেমন হয় বলুন তো? ছোট্ট ফ্ল্যাট, বারান্দাটা একচিলতে। ফলে, সবুজের কাছাকাছি যেতে ছাদে করতে পারেন এক টুকরা বাগান। ছাদে ঢুকতেই যদি নাকে এসে লাগে হাসনাহেনার ঘ্রাণ, হালকা বাতাসে বেলিগাছটা যদি নুয়ে পড়ে আপনাকে কুর্নিশ জানায়, পরিবেশটাই হতে পারে অন্য রকম!
নিজের বাড়ি হলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু ফ্ল্যাটবাড়িগুলোতে ছাদটা তো আপনার একার অধিকারে নেই। বাগান করার ইচ্ছাটা কি তাহলে মাঠে মারা যাবে? এ ব্যাপারে কথা হলো দক্ষিণ বনশ্রীর একটি অ্যাপার্টমেন্টের মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সানাউল্লাহর সঙ্গে। তিনি জানান ‘নিজের ফ্ল্যাটের বারান্দায় বাগান করতে কোনো বাধা নেই।
কিন্তু গাছে পানি দিতে গিয়ে যেন অন্যের বাড়িতে পানি না পড়ে। সানাউল্লাহ বলেন, ‘আমাদের অ্যাপার্টমেন্টের ছাদটা খালি পড়ে আছে। ফ্ল্যাটের বাসিন্দাদের কেউ যদি বাগান করতে চান, সমিতির অনুমতি নিয়ে নিশ্চই করতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রেও একই শর্ত। অন্য বাসিন্দাদের বিরক্তির কারণ হওয়া যাবে না। ছাদ পরিষ্কার রাখতে হবে।’ চাইলে আপনিও আপনার অ্যাপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাদে বাগান করার চেষ্টা করে দেখতে পারেন।’
ছাদে বাগান করতে চাইলে কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিংবা কী কী গাছ লাগানো যেতে পারে, সে ব্যাপারে কথা হলো কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়ের সঙ্গে। তিনি বলেন, বাড়ির ছাদের বাগানে আম, জামরুল, কতবেল, পেয়ারা, জলপাই বিভিন্ন ফলের গাছ লাগানো যেতে পারে। তবে লিচুটা আবার ছাদে করা যাবে না। ফলের গাছ ছাাদে লাগাতে হলে ড্রাম ব্যবহার করতে হবে, টবে হবে না। এ ছাড়া মাচা তৈরি করে লাউ, কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল এসব সবজিও লাগানো যায়। ছাদের গাছে যেহেতু বারবার মাটি বদলানো যায় না, তাই শুরুতেই মাটির সঙ্গে বেশি করে গোবর সার মিশিয়ে নেওয়া উচিত।
ছাদের বাগানে বিভিন্ন ধরনের টব ব্যবহার করতে পারেন। বাজারে নানা ধরনের নকশা করা চমৎকার সব টব পাবেন। টবে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।