
কর্মশালায় দুটি বিষয়। ‘কবিতা’ ও ‘ছাপচিত্র’। দুই বিষয়ের সম্মিলনে বিচিত্র এ কর্মশালা শুরু হয়েছে গতকাল সোমবার। স্থান, খিলক্ষেতের বেঙ্গল সেন্টার৷ যৌথ আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার।
তিন পর্বে বিভক্ত কর্মশালা উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ক্যালভিন হেইজ ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ছাপচিত্রী অ্যান্ড্রু স্যাফটেল ও কবি হুইটনি বেকার কর্মশালাটি পরিচালনা করছেন। তিন পর্বের কর্মশালার দুটি ঢাকায় এবং একটি রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ‘িদ আরবান এক্সপেরিয়েন্স’ শীর্ষক এ কর্মশালার মাধ্যমে ছাপচিত্রশিল্পী ও কাব্যশিল্পীরা নাগরিক জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা ও তার শৈল্পিক বিশ্লেষণ করবেন। পাশাপাশি এ কর্মশালায় নগরজীবনের নানা ঘাত-প্রতিঘাত, নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হবে। বদ্ধ নগরজীবনে একজন কবি বা চিত্রকর কীভাবে নিজেকে প্রকাশ করবেন? শিল্পীরা কীভাবে দ্রুত নগরায়ণের উদ্ভূত পরিস্থিতির ব্যাখ্যা করবেন, এসব নিয়ে কর্মশালায় আলোচনা হবে।
সোমবার দুপুরে বেঙ্গল সেন্টারে দুই পর্বের ছাপচিত্র ও কবিতা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি বেঙ্গল ফাউন্ডেশনের ২৫ বছরের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং আমেরিকান সেন্টারের সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের দীর্ঘদিনের সৌহার্দ্যের কথা ব্যক্ত করেন। ছাপচিত্রী অ্যান্ড্রু স্যাফটেল ও কবি হুইটনি বেকার জানান, তাঁরা বাংলাদেশে এসে দ্বিতীয়বার কাজ করার সুযোগ পেয়ে অভিভূত। বেকার বাংলাদেশের কবি কায়সার হক রচিত ইংরেজি কবিতা পাঠ করে শোনান। অনুষ্ঠানে সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর পরিচালক অধ্যাপক মাহমুদুল হক কর্মশালার সাফল্য কামনা করে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
কর্মশালার প্রথম পর্ব চলবে আগামীকাল ১১ জুন পর্যন্ত। এতে ১৫ জন চিত্রশিল্পী ও ১৫ জন কবি অংশ নিচ্ছেন বেঙ্গল সেন্টারের সফিউদ্দীন বেঙ্গল ছাপচিত্র স্টুডিওতে। একই স্থানে দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার জুন ১৩। এতে ২৫ জন চিত্রশিল্পী ও ১৫ জন কবি অংশ নেবেন। কর্মশালার তৃতীয় পর্ব শুরু হবে ১৭ জুন। রাজশাহীতে আয়োজিত এ কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৫ জন চিত্রশিল্পী এবং ১৫ জন কবি অংশ নেবেন।