ছাপচিত্র কর্মশালা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কসমস আতেলিয়ার৭১’-এ ছাপচিত্রবিষয়ক নয় দিনের কর্মশালা শেষ হলো গতকাল শনিবার। মালিবাগের কসমস সেন্টারের দ্বিতীয় তলায় এই ‘প্রিন্টমেকিং স্টুডিও’তে কর্মশালাটি শুরু হয়েছিল ১৭ জুন। দেশের সাতটি চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমএফএ উত্তীর্ণ তরুণ শিল্পী ও এমএফএ পর্বের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এটি পরিচালনা করেন ঢাকা চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী আনিসুজ্জামান।গতকাল বিশিষ্ট শিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী অংশগ্রহণ-কারীদের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, ঢাকার বাইরের শিল্পীদের এ ধরনের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ সীমিত। সেই দিক থেকে এ কর্মশালাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তরুণ শিল্পীদের কাজ দেখতে এসেছিলেন বিশিষ্ট শিল্পী মানিরুল ইসলাম ও শহীদ কবির। মানিরুল ইসলাম বলেন, আনিসুজ্জামান যে পদ্ধতিতে কাঠ খোদাইয়ের কাজ করেন, আমাদের দেশে তা নতুন। তার কাছ থেকে তরুণ শিল্পীরা এ পদ্ধতি হাতে-কলমে শিখেছে। কাজগুলো ভালো হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসমস গ্রুপের চেয়ারম্যান আমানউল্লাহ খান।কর্মশালায় শিল্পী রাসেল হাসান ইমাম, সোহেল প্রানন, মিন্টু দে, ফারাহ নাজমুন, মামুর আহসান, সুলেখা চৌধুরী, লিটন সরকার, চয়ন সরকার, ইমরানুর রহমান ও আশরাফুল হাসান। অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছেন শিল্পী বীরেন সোম, আফরোজা জামিল এবং নেভিন সুলতানা।