ছাপচিত্র প্রদর্শনী ও কর্মশালা
গতকাল শুক্রবার সকালের কথা। সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত শহরের রাজপথে তখনো ব্যস্ততা সৃষ্টি হয়নি। কিন্তু মালিবাগের গ্যালারি কসমসের চিত্রটি ভিন্ন। বেশ লোক জমেছে সেখানে। শিল্পকর্মবোদ্ধা লোকজনের পাশাপাশি কয়েকজন নবীন শিল্পীর উপস্থিতি। জাপানের শিল্পী ফুদেজুকা তোশিহিসার একক চিত্রকর্ম এবং তাঁর পরিচালনায় আয়োজিত একটি কর্মশালার উদ্বোধন উপলক্ষে লোক সমাগম ঘটেছে সেখানে।কসমস সেন্টারের গ্যালারিতে গতকাল শুরু হয়েছে ছাপচিত্র কর্মশালা ও চিত্রকলা প্রদর্শনী। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।সফররত জাপানি চিত্রশিল্পী ফুদেজুকা তোশিহিসার ১০ দিনব্যাপী প্রদর্শনীতে ৩০টি শিল্পকর্ম ঠাঁই পেয়েছে। বিমূর্ত ও আধা বিমূর্ত এসব চিত্র তিনি এঁকেছেন ছাপচিত্রের এচিং, এনগ্রেভিং, উডকাঠ ও স্ক্রিন প্রিন্ট মাধ্যমে। তাঁর ছাপচিত্র কর্মশালায় মুকাদ্দেসুর তুশিল, পলাশ বরণ, শুভ সাহা, আনোয়ার হোসেন, এস এম এহসান, খালেকুজ্জামান শিমুল, ফারজানা রহমান ও ফাতেমাতুজ জোহরা অংশ নিচ্ছেন। গতকাল প্রদর্শনী ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারিও, সুইডেন দূতাবাসের কাউন্সিলর ইয়ালভা সরমান নাথ উপস্থিত ছিলেন।