
চিত্রকলার অন্যতম মাধ্যম ছাপচিত্রে তিন তরুণকে দেওয়া হলো স্বীকৃতি। এ বছর ‘কিবরিয়া নবীন ছাপচিত্রী পুরস্কার’ পেলেন ফারহানা ইয়াসমিন, সুবর্ণা মোরশেদা ও আবদুল্লাহ আল বশীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকের উঠোনে আনুষ্ঠানিকভাবে এই তিন তরুণের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ষষ্ঠবারের মতো এ আয়োজন করল কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও।
‘কিবরিয়া ছাপচিত্র মেলা’ উপলক্ষে দেওয়া পুরস্কারের এই আয়োজনে সম্মাননা দেওয়া হয়েছে রুহুল আমিন, শুভ সাহা, সুমন্তা রানী মোহন্ত, খালেকুজ্জামান শিমুল ও সাকিব সেলিমকে। এ ছাড়া ছাপচিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন শিল্পী মাহমুদুল হক। তাঁদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মাননা ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের ছাপচিত্র নিয়ে গতকাল চিত্রকে শুরু হয়েছে প্রদর্শনী। বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম।
আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশে ছাপচিত্রের চর্চা ও প্রসারে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। প্রত্যাশা করি, দেশের বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার নামে এ পুরস্কার তরুণ শিল্পীদের আরও প্রাণিত করবে।’ শিল্পী মাহমুদুল হক বলেন, ‘ছাপচিত্র আমার প্রথম প্রেম। আমার আশা, তরুণেরা এ মাধ্যমকে আরও সামনে এগিয়ে নেবে।’
প্রদর্শনীতে রয়েছে পুরস্কারপ্রাপ্ত আট শিল্পীর দুটি করে ও মাহমুদুল হকের তিনটি ছাপচিত্র। আজই প্রদর্শনীর শেষ দিন। এরপর আরও তিন সপ্তাহ ছবিগুলো প্রদর্শিত হবে মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্রে। পুরস্কারের এ আয়োজনে এবারে সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।