
ছায়ানটের আয়োজনে শনিবার ছিল ‘শিল্পাচার্য জয়নুল শতবর্ষ উদ্যাপন’। ছায়ানট ভবনে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছিল এ অনুষ্ঠান। আলোচনা ও সংগীতে স্মরণ করা হয় শিল্পাচার্যকে।
শুরুতে ছিল ছায়ানটের সহসভাপতি ডা. সারোয়ার আলীর স্বাগত কথন। কথনের শুরুতেই তিনি টিএসসির সামনে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হাতে নিহত অভিজিৎ রায়ের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের প্রতি ধিক্কার জানান। এরপর তিনি জয়নুল আবেদিনের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘জয়নুল আবেদিন আমার কাছে বিস্ময়কর একজন প্রতিভাধর মানুষ। একজন সাহসী মানুষও বটে! কল্পনা করুন, চল্লিশের দশকের বাংলাদেশ। রক্ষণশীল সে সমাজ, যেখানে বাংলা গানেরও প্রবেশাধিকার ছিল না। এমন একটি সময়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছবি আঁকার কাজটি শুরু করেছেন। কেবল একজন সাহসী মানুষের পক্ষেই তা সম্ভব। মুসলমানদের স্বাধীন আবাসভূমি পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনি চিত্রকলার জন্য একটা শিক্ষালয় গড়তে চেয়েছিলেন এবং অনেক কাঠখড় পুড়িয়ে এ কাজটিও তিনি সমাধা করে গেছেন। জয়নুল আবেদিনের এই দুটি দিক বাংলাদেশের মানুষ স্মরণ করে। আজকে বাংলাদেশের চিত্রশিল্পকে যারা আলোকিত করে রেখেছেন, তাঁরা জয়নুল আবেদিনের কাছ থেকে এ পাঠটি গ্রহণ করেছেন।’
কথন ছিল ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের। অনুষ্ঠানে আগত ব্যক্তিদের সংখ্যাকে ‘মৃদু উপস্থিতি’ বললেন তিনি। বললেন, ‘এই মৃদু উপস্থিতি দেখে মন খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু দেশের যে পরিস্থিতি, পরিবেশের যে অসহায়তা এবং নিরাপত্তার অভাব, তাতে এই উপস্থিতির স্বল্পতা আমাদের মেনে নিতেই হবে।’ ছায়ানটের প্রতিষ্ঠার সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘জয়নুল আবেদিন ছায়ানট বিদ্যায়তনের উদ্বোধন করেছিলেন ১৯৬৩ সালে। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ওস্তাদ আয়াত আলী খাঁ। সেই প্রথম দিনের কথা স্মরণ করি।’
এরপর সন্জীদা খাতুন স্বাগত জানান প্রধান বক্তা অধ্যাপক আবুল মনসুরকে। শিল্পী আবুল মনসুর জয়নুল আবেদিনের বিভিন্ন চিত্রকর্ম পর্দায় দেখান এবং সেগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
আলোচনাপর্ব শেষ হলে ছিল সংগীত। লোকসংগীতের সঙ্গে ছিল রবীন্দ্র ও নজরুলসংগীত। লাইসা আহমেদ পরিবেশন করেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ গানটি। কানন বালা সরকার শোনান ‘আমার হাড় কালা করলাম রে’ আর ‘সোনার ময়না পাখি’ গান দুটি। চন্দনা মজুমদারের কণ্ঠে শোনা যায় ‘আমার মনচোরারে কোথায় পাই’ আর ‘আমার বন্ধু দয়াময়’ গান দুটি। অনুষ্ঠানে আরও গান শোনান মইদুল ইসলাম, আবুল কালাম আজাদ।