ছায়ানটের বর্ষা-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্যগীত পরিবেশনা l সাহাদাত পারভেজ
ছায়ানটের বর্ষার অনুষ্ঠানে সম্মেলক নৃত্যগীত পরিবেশনা l সাহাদাত পারভেজ

যেহেতু শ্রাবণ মাস, তাই গতানুগতিক বর্ষার অনুষ্ঠান হচ্ছে প্রায় প্রতিদিন। তবে আয়োজক প্রতিষ্ঠানটি যদি হয় ছায়ানট, তবে সুন্দর একটি অনুষ্ঠানই প্রত্যাশিত। গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে হয়ে গেল বর্ষার গান নিয়ে তেমনই একটি আয়োজন। ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল মঞ্চে এসে বললেন, কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান। ছায়ানটের আজীবন সভাপতি ছিলেন তিনি। এ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে কবি সুফিয়া কামালকে।
গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে হয়ে গেল বর্ষার গান নিয়ে তেমনই একটি আয়োজন। ছায়ানটের শিল্পীরা গান, কবিতা, গদ্য ও নৃত্যে সন্ধ্যাটা ভরিয়ে দিলেন বর্ষার আবহে।
অনুষ্ঠানের প্রথম দিকেই ছিল একটি শাস্ত্রীয় সংগীত। চোখ বন্ধ করলে অনুভব হচ্ছিল যেন বৃষ্টি পড়ছে। এরপর রবীন্দ্রনাথের ‘রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে’ গানটির সঙ্গে মঞ্চে প্রবেশ করেন একদল নৃত্যশিল্পী। নাচের পর আবার গান চলতে থাকে। একে একে গীত হয় রবীন্দ্রনাথের ‘তিমির-অবগুণ্ঠনে’, ‘আজি শ্রাবণঘনগহন মোহে’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘বন্ধু, রহো রহো সাথে’, ‘চঞ্চল শ্যামল এলো গগনে’, অতুলপ্রসাদ সেনের ‘বধুয়া, নিদ নাহি আঁখিপাতে’, নজরুল ইসলামের গান ‘ঝর ঝর ঝরে শাওনধারা’। শিল্পী খায়রুল আনাম শাকিল গাইলেন নজরুলের আরেকটি গান ‘নিশিরাতে রিমঝিমঝিম বাদল নূপুর’। মাঝে নৃত্যশিল্পী তাথৈ পরিবেশন করে যান ‘অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে’ গানটির সঙ্গে নাচ। ‘নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায়’ গানটির সঙ্গে পরিবেশিত হয় আরও একটি নাচ। বন্যায় ফসলি জমি ডুবে যাচ্ছে এমন সংবাদ তো এখন নিত্যই মেলে। রবীন্দ্রনাথের জীবনেও তেমন এক বর্ষা এসেছিল। তার কথা তিনি লিখে গেছেন ছিন্নপত্র-এর এক জায়গায়। সেখান থেকেও পাঠ হলো কিছু অংশ।
কবিতা পড়লেন তানভীর মোকাম্মেল

কবিতা পড়ছেন তানভীর মোকাম্মেল
কবিতা পড়ছেন তানভীর মোকাম্মেল

শোনা যায়, একাত্তরে তাজউদ্দীনের মাত্র একটাই শার্ট ছিল। ‘বেদনায় বিদীর্ণ’ সেই শার্টটি নিয়ে একটি কবিতা লিখেছেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। গতকাল বিকেলে তাঁর কবিতা নিয়ে একটি আয়োজন করে কবিতা লিখিয়েদের সংগঠন ‘প্লাটফরম’। আসর শুরুর আগেই সবার হাতে তুলে দেওয়া হয়েছিল তানভীর মোকাম্মেলের পাণ্ডুলিপির অনুলিপি। তানভীর মোকাম্মেল অনেকগুলো কবিতা পড়েন, অতিথিদের কেউ কেউও পড়েন তাঁর কবিতা। তানভীর জানান, নদীপ্রীতি আছে বলে একটি ব্যক্তিগত নৌকাও আছে তাঁর। ‘নদীকথা’ কবিতাটি দিয়ে তাই পাঠ শুরু করেন তিনি। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনের এই আসরে উপস্থিত ছিলেন কবি রুবী রহমান, অনুবাদক স্বপন আদনানসহ আরও অনেকে। কবিতা পড়ে শোনান অভিনেত্রী চিত্রলেখা গুহ, সাকিরা পারভীন প্রমুখ।
খালি গলায় ‘খ্যাপা শ্রাবণ ছুটিয়ে এলো’ বন্দনাগীতির মধ্য দিয়ে আসরটি শুরু করেন সাবেরা তাবাসসুম। আসর নিয়ে সংক্ষেপে কিছু কথা বলেন শাহনাজ নাসরিন।
শেষ হলো রাঢ়াঙ উৎসব
সকালে ফোন করে শ্রমিকদের নিয়ে আসা হয় কারখানায়। ফাটল ধরা ভবনে কাজ করতে অস্বীকার করে তারা। ভবন ও কারখানার মালিকদের হুমকিতে কাজে যোগ দিতে বাধ্য হয় শ্রমিকেরা। অল্প সময়ের মধ্যেই ধসে পড়ে ভবনটি।
রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে নির্মিত আরণ্যকের প্রযোজনা স্বপ্নপথিক। নাটকের শুরুতেই দেখা যায় পোশাকশ্রমিকদের শ্রম-ঘাম ও নিষ্ঠায় দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত পোশাকশিল্পের এগিয়ে যাওয়ার দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ধ্বংসযজ্ঞ। মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় অজস্র প্রাণ। এরপর নাটকে দেখা যায় মানবতার জয়জয়কার।
শনিবার সন্ধ্যায় আরণ্যকের তিন দিনের রাঢ়াঙ উৎসবের শেষ দিনে এই নাটকটি পরিবেশন করে আরণ্যক। হারুন রশিদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।