ছাড়পত্র না পেয়েও প্রচারণা!
ইতিহাস ও তথ্য বিকৃতির অভিযোগে চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্প্রতি এ দেশ তোমার আমার ছবিটিকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে। কিন্তু এরই মধ্যে ছবিটির প্রচারণা শুরু করেছেন ছবির প্রযোজক ডিপজল। পর্বত প্রেক্ষাগৃহে ছবিটির বিশাল আকৃতির ব্যানার টানানো হয়েছে।জানা গেছে, সেন্সর আইন অনুযায়ী ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ছবির কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘ব্যাপারটি আমার জানা নেই। সেন্সর বোর্ডকে তা খতিয়ে দেখতে বলা হবে।’সেন্সর বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে বোর্ডের পরবর্তী সভায় আলোচনা করা হবে।এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য ডিপজলের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এখন খাচ্ছি। আধঘণ্টা পরে ফোন করেন।’ কিন্তু এরপর অসংখ্যবার চেষ্টা করেও তাঁর মুঠোফোনটি খোলা পাওয়া যায়নি।