ছাড়পত্র পেল ‘অপেক্ষা’
‘আমি এর আগে পাঁচটি ছবি তৈরি করেছি। সব কটি ছবিই ভিন্ন বিষয়ের ওপর। কিন্তু কোনোটাতেই মানুষকে সচেতন করার ব্যাপার ছিল না। অপেক্ষা সেগুলো থেকে আলাদা। এই ছবির গল্প জঙ্গিবাদ এবং তার প্রভাব নিয়ে। জঙ্গি-তৎপরতার পাশাপাশি এর পারিবারিক প্রভাব তুলে ধরা হয়েছে ছবিতে। জঙ্গিবাদ এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে খুবই আলোচিত বিষয়। বিশ্বে এখন এই জঙ্গিবাদ বিপজ্জনকভাবে ছড়াচ্ছে। আমি চেয়েছি, চলচ্চিত্রের মাধ্যমে এর বিপজ্জনক রূপটি সবার সামনে তুলে ধরতে। পাশাপাশি এর বিরুদ্ধে সবাইকে সচেতন করার একটা চেষ্টাও ছিল।’ নিজের নতুন ছবির ব্যাপারে এভাবেই বললেন আবু সাইয়ীদ। কীত্তনখোলা, শঙ্খনাদ, নিরন্তর, বাঁশি ও রূপান্তর ছবির পর এবার আবু সাইয়ীদ তৈরি করেছেন অপেক্ষা। ঈদের আগে ছবিটির ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। আবু সাইয়ীদ জানালেন, নভেম্বর মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তেমন কোনো আলোচনা ছাড়াই গত মার্চ মাসে বগুড়ার ধনুট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে ছবিটির চিত্রগ্রহণের কাজ শুরু হয়। এরপর ছবিটির কাজ হয়েছে ঢাকার নবাবগঞ্জ, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায়।আবু সাইয়ীদ আরও বললেন, ‘ছবিটি শুধু সচেতনতামূলক একটি কাজ ভাবা ঠিক হবে না। এটি পুরো মাত্রায় একটি ফিচার ফিল্ম এবং গল্পটা এখানে শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে।’ ছবিতে অভিনয় করেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জ্বল মাহমুদ, আহসানুল হক মিনু প্রমুখ। এটির সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের; গানের কথা লিখেছেন গুঞ্জন চৌধুরী আর নিজের কাহিনি নিয়ে চিত্রনাট্য রচনা, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ।