ছাড়পত্রের অপেক্ষায় ‘খোঁজ’
ঢাকার চলচ্চিত্রে এক জোড়া নতুন মুখের অভিষেক হতে যাচ্ছে। তাঁরা অভিনয় করেছেন খোঁজ (সার্চ) ছবিতে। একজন অনন্ত, অন্যজন বর্ষা। এ ছবির শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। ছবির কিছু অংশের কাজ হয়েছে বাংলাদেশের কক্সবাজারে।ছবির গল্পে দেখানো হয়েছে জীবন বাজি রেখে অস্ত্র চোরাচালানি নিনোকে ধরতে গিয়ে আহত হয় মাহমুদ হাসান। সন্ত্রাসীরা মাহমুদ হাসানকে কিডন্যাপ করে। তখনো অনেকেই জানে না, এই অনন্ত আসলে বাংলাদেশ সিক্রেট সার্ভিসের কমান্ডো।ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, ববি, সোহেল রানা, জিসান প্রমুখ।ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, এস আই টুটুল, সামিনা চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, কণা, কনকচাঁপা, রন্টি দাস, হাবিব ও ন্যান্সি।জানা গেছে, ছবিটি একই সঙ্গে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে ছবির নায়ক ও প্রযোজক এম এ জলিল বলেন, ‘আমার প্রথম উদ্দেশ্য ছিল, আমি এমন একটি ছবি বানাব, যে ছবি দেশের বাইরে বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এবং বৈদেশিক মুদ্রা আয় করবে।’ছবির নায়িকা বর্ষা বলেন, ‘অপেক্ষা করছি খোঁজ-এর জন্য। ছবিটির সাফল্যের ব্যাপারে আমি আশাবাদী।’ খোঁজ ছবিটি বর্তমানে সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায়।