ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে তিনটি ভারতীয় ছবি
ঈদের পর ভারতীয় ছবি মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। এমনটাই আশা করছেন চলচ্চিত্র প্রদর্শকেরা। এরই মধ্যে তিনটি ভারতীয় চলচ্চিত্রের ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। সেন্সর বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ থাকার কারণে অল্প সময়ের মধ্যেই ছবি তিনটির সেন্সর প্রদর্শনী হবে। এরপর জোর, বদলা ও সংগ্রাম নামের ছবি তিনটির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছবি তিনটিতে আপত্তিকর কিছু না থাকলে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কোনো সময় নেওয়া হবে না।চলচ্চিত্র প্রদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ছবি তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ঈদের পর ছবি তিনটি মুক্তি দিতে পারব।’ভারতীয় তিনটি ছবি একই সঙ্গে মুক্তি দেওয়ার ব্যাপারে আরেকজন চলচ্চিত্র প্রদর্শক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘একসঙ্গে হবে না। আমাদের এখানে সপ্তাহে একটি করে চলচ্চিত্র মুক্তি পায়, সেভাবেই আমরা পর্যায়ক্রমে ছবি তিনটি মুক্তি দেব।’জোর ছবিতে অভিনয় করেছেন জিৎ এবং বদলা ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রথমে জোর ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহী। এদিকে দেশীয় চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন নিয়ে তৈরি চলচ্চিত্র পরিবার প্ল্যাটফরমের নেতারা জানয়েছেন, কোনো অবস্থায়ই তাঁরা দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করতে দেবেন না। এ জন্য তাঁরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।