‘ছাড়িয়া দে আঞ্চলের কানি মোর যায় বেলা...’, ‘ও আমার কালারে...’, ‘ও কি গাড়িয়াল ভাই...’, ‘আজ ধীরে বোলাও গাড়িরে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি’—এমন অনেক লোকসংগীতের সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতা জেগে ওঠে। রংপুরে তিন দিনব্যাপী লোকসংগীত উৎসবে প্রতিদিনই হাজারো মানুষ প্রাণভরে উপভোগ করেছে এ অঞ্চলের মাটি ও মানুষের প্রাণের গান।‘মেতে উঠুন বাংলার আদি-অকৃত্রিম সুরের মূর্ছনায়’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী বাংলালিংক রংপুর বিভাগীয় লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত স্থানীয় টাউন হলে। এ অনুষ্ঠানের আয়োজক ছিল স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচ। উৎসবের উদ্বোধন করেন রংপুরের প্রবীণ ভাওয়াইয়াশিল্পী, সংগীত পরিচালক ও গবেষক মো. সিরাজউদ্দিন।উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা ও রংপুরের আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক আসিফুজ্জামান।উৎসবের প্রথম দিন সন্ধ্যায় স্থানীয় টাউন হলে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের উদ্বোধন করেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোছাদ্দেক হোসেন।স্থানীয় টাউন হলে আয়োজিত এ উৎসবে রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে আসা শিল্পীদের ভাওয়াইয়া, নাচ, পালাগান ও লোকসংগীত প্রতিযোগিতা হয়। ২৫০ জন শিল্পী নিজ নিজ জেলা থেকে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে এ উৎসবে অংশ নেন।উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সাংসদ অপু উকিল ও রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আরিফুল ইসলাম, সাবেক সাংসদ মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম, সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক, বিশিষ্ট লোকসংগীতশিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া, কুদ্দুস বয়াতী, আবু বকর, রংপুর বেতারের সাবেক প্রধান সংগীত পরিচালক খাদেমুল ইসলাম ও আমজাদ হোসেন।দিনাজপুর থেকে আসা শিল্পী ডালিম কুমার রায় বলেন, লোকসংগীতের এমন আয়োজন রংপুরে বিভিন্ন সংগঠন কয়েক বছর ধরে করে আসছে। অন্যান্য জেলায়ও এ ধরনের আয়োজন করলে এ গান হারিয়ে যাবে না।কুড়িগ্রামের শবনম মৌসুমী জানালেন, এ অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীতশিল্পীদের বাঁচিয়ে রাখতে এ ধরনের উৎসবের বিকল্প নেই। পঞ্চগড়ের শিল্পী শোভা রানী বলেন, ‘আমাদের সংগীতের ইতিহাস-ঐতিহ্যই হলো লোকসংগীত।’ রংপুরের দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী রাশিদুল হক বলেন, ‘পেটে ভাত না জুটলেও ভাওয়াইয়া গান আজও ছাড়তে পারিনি।’এ উৎসবের আয়োজক সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের সভাপতি মনোয়ারা বেগম বলেন, বাংলালিংকের মতো পৃষ্ঠপোষকতায় আরও অনেকেই এগিয়ে এলে এ অঞ্চলের লোকসংগীত আগের মতো আবার জেগে উঠবে। উৎসব উদ্যাপন পর্ষদের সমন্বয়কারী মোফাখখারুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদার রহমান ভবিষ্যতে আরও বড় আকারে এ উৎসব করার ইচ্ছা প্রকাশ করেন।তিন দিনব্যাপী উৎসবে নাচ ও সংগীতে সাতজন করে মোট ১৪ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়।