ছায়ানট ভেসে গেল গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ছিল সমবেত পরিবেশনা l প্রথম আলো
ছায়ানটে কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ছিল সমবেত পরিবেশনা l প্রথম আলো

ছায়ানটে যেদিন গান হয়, সেদিন পুরো ভবন গানে ভাসতে থাকে। দোতলার মিলনায়তন শ্রোতাপূর্ণ থাকে। মিলনায়তনের বাইরের বিরাট শব্দযন্ত্র থেকে সংগীত পৌঁছে যায় শংকর বাসস্ট্যান্ড পর্যন্ত।
ব্যতিক্রম হয়নি গতকালও। নজরুলের প্রয়াণবার্ষিকী উপলক্ষে কবির গান গেয়ে তাঁকে স্মরণ করেন ছায়ানটের শিল্পীরা। শীতল মিলনায়তনের আধো অন্ধকারে শ্রোতার অনুরাগী চোখ দেখা যায় নি। তবে অনুভব করা গিয়েছিল শিল্পীর কণ্ঠে। গাইছিলেন নাহিয়ান দূরদানা, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে/ কুড়াই ঝরা ফুল একেলা আমি/।’ এত প্রেম, এত গভীর বোধ যে বেঁধে রেখেছেন সুরে, সেই সুরস্রষ্টার নির্মোহ একটা ছবি মিলনায়তনের মঞ্চের ওপর ভেসে থাকে। তাঁরই নিচে সারি বেঁধে বসেছেন শিল্পীরা। পালা করে গেয়ে চলেছেন প্রাণের আকুতিভরা গানগুলো।
এই সন্ধ্যায় সেখানে একক কণ্ঠে গেয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রী, নাসিমা শাহীন, শ্রাবন্তী ধরসহ প্রায় পনেরোজন শিল্পী। এঁরাই করেছেন ‘দাও শৌর্য, দাও ধৈর্য’, ‘এসেছি তব দ্বারে ভক্তি’, ‘হে পার্থ সারথি! বাজাও বাজাও’, ‘বেদনার সিন্ধু মন্থন শেষ’ গানগুলো। এ ছাড়া সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শেষ করেছেন এই শিল্পীরাই।
অনুষ্ঠানে কবির ‘দারিদ্র্য’ কবিতা থেকে পাঠ করেছেন কাজী মদিনা। ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেন ‘বিদ্রোহী’ কবিতাটি।