ছায়ানটে আজ নৃত্য উৎসব
>
- শাস্ত্রীয় নাচের আসর বসবে ছায়ানট মিলনায়তনে।
- মণিপুরি নৃত্যের গুরু বিপিন সিংকে উৎসর্গ করা হয়েছে।
- মণিপুরি নৃত্য, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশিত হবে এই অনুষ্ঠানে।
দিনব্যাপী শাস্ত্রীয় নাচের আসর বসবে আজ শুক্রবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায়। মণিপুরি নৃত্যের গুরু বিপিন সিংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের অনুষ্ঠানটি তাঁকে উৎসর্গ করা হয়েছে। এ নৃত্য আসরের আয়োজন করেছে ছায়ানট।
মণিপুরি নৃত্য ছাড়াও ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশিত হবে এই অনুষ্ঠানে। এতে মণিপুরি নৃত্য পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা, ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, সুইটি দাশ, সিলেটের একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্ট। ভরতনাট্যম পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা, অমিত চৌধুরী, সৃষ্টি কালচারাল সেন্টার ও জাগো আর্ট সেন্টারের শিল্পীরা। কত্থক নৃত্য পরিবেশন করবেন এস এম হাসান ইশতিয়াক, অপরাজিতা মোস্তফা, মাইশা মালিহা, অবন্তিকা আল রেজা, কত্থক নৃত্য সম্প্রদায় ও নৃত্যাঞ্চলের শিল্পীরা। নাচের আগে বিপিন সিংকে নিয়ে থাকবে আলোচনা।
আয়োজন সম্পর্কে নৃত্যশিল্পী ও ছায়ানটের মণিপুরি নৃত্যের বিভাগীয় প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই উৎসবে তরুণদের বেশি আহ্বান করা হয়েছে। যাতে তরুণদের মধ্যে শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ জন্মে। আশির দশকে গুরু বিপিন সিংয়ের ছাত্রী শান্তিবালা সিনহার মাধ্যমে ছায়ানটে মণিপুরি নৃত্যের পদ্ধতিগত প্রশিক্ষণ শুরু হয়। তারপর থেকেই মণিপুরি নৃত্য নিয়ে কাজ করছে ছায়ানট।’