অনেকটা ঘরোয়া আয়োজন। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ। রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন ও ইফ্ফাত আরা দেওয়ান বাংলা একাডেমীর রবীন্দ্র পদক পাওয়ায় গতকাল বৃহস্পতিবার এই আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র স্মৃতি মিলনকেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। শুরুতে ছিল সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার শিল্পীদের গাওয়া দুটি সম্মেলক গান—জাগ’ জাগ’ রে জাগ’ এবং গায়ে আমার পুলক লাগে। এর পর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সারওয়ার আলী ও সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্জীদা খাতুন। আলোচনায় উঠে আসে রবীন্দ্র পদক পাওয়া এ দুই গুণী শিল্পীর ব্যক্তি এবং সংগীতজীবনের নানা দিক। ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিল্পীদ্বয়কে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। শুভেচ্ছাসিক্ত শিল্পীরা প্রথমে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং পরে একক সংগীত পরিবেশন করেন। তাঁদের একক পরিবেশনার পর জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’, ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো’। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।