ছায়ানটে ওয়াহিদুল হক স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে ওয়াহিদুল হক স্মরণ অনুষ্ঠানে সমবেত গান করেন শিল্পীরা ।  ছবি: প্রথম আলো
ছায়ানট মিলনায়তনে ওয়াহিদুল হক স্মরণ অনুষ্ঠানে সমবেত গান করেন শিল্পীরা । ছবি: প্রথম আলো

শীতের সন্ধ্যা। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে দর্শকের আসন পরিপূর্ণ। মিলনায়তনে যাঁদের উপস্থিতি, তাঁরা সবাই প্রয়াত সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের সহকর্মী, অনুরাগী এবং তাঁর গড়া প্রতিষ্ঠান ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল সোমবার ছিল ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস। গতকাল সন্ধ্যায় তাঁকে স্মরণ করতেই এ জমায়েত। ঘড়ির কাঁটা সাতটা ছুঁতেই শুরু হয় অনুষ্ঠান। প্রথমে আলোচনা, পরে পালাক্রমে একক ও দলীয় সংগীত পরিবেশনা।
স্বাগত বক্তব্য দেন খায়রুল আনাম শাকিল। স্মারক বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। আলোচনার পর প্রথমে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দে আকুল যবে’ এবং ‘দেহ জ্ঞান, দিব্য জ্ঞান’ দুটি গান সমবেত কণ্ঠে পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা।
এর পর ছিল একক পরিবেশনা। মহুয়া মঞ্জরি শোনান সরলাদেবী চৌধুরাণীর ‘হে বিজনে অতিথি’ গানটি। মাহমুদুল হাসান শোনান বলেন্দ্রনাথ ঠাকুরের ‘অসীম রহস্য মাঝে কে তুমি’ গানটি। একক কণ্ঠে আরও পরিবেশিত হয় দিনেন্দ্রনাথ ঠাকুরের ‘আজি এ নিশীথে একাকী’, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘ধন্য তুমি হে’, ‘ঐ যে দেখা যায়’, ‘অন্তর তর অন্তরতম’, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি বিনা কে প্রভু’, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তবু মনে রেখো’—এসব গান। গানগুলো পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমদ, তানিয়া মান্নান, সুকান্ত চক্রবর্তী প্রমুখ। একক গানের ফাঁকে ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘কর তাঁর নাম’, সৌমেন্দ্রনাথ ঠাকুরের ‘শোন বাংলা জন সমুদ্রে’, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘প্রণমামী অনাদি অনন্ত’ গানগুলোর সমবেত পরিবেশনা। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
এর আগে সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করেন তাঁদের প্রিয় সংগীতগুরুকে।