ছায়ানটে গান ও বক্তৃতা
‘রসঘন শ্যাম কল্যাণ সুন্দর’ এই নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় শুরু হয় ছায়ানটের নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান শ্রোতার আসর। পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থী শুক্লা পাল। এরপর ছায়ানটের আরেক শিক্ষার্থী সুকান্ত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত, ‘দিন পরে যায় দিন’ ও ‘কিছুই তো হলো না’। সবশেষে ‘আমরা এমনি এসে ভেসে যাই’, ‘মোর আজি গাঁথা হলো না’, এবং ‘বেলা যে ফুরায়ে যায়’ পরিবেশন করেন লুভা নাহিদ চৌধুরী। এর আগে সকালে ছিল ছায়ানটের নির্ধারিত বক্তৃতা। বিষয় ‘নজরুলের গানে ভৈরব’। বক্তা খায়রুল আনাম বলেন, ‘নজরুল নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচিত্র জীবন যাপন করেছেন। তাঁর গানে যাপিত জীবনের ছায়া পড়ে গানও হয়ে উঠেছে বৈচিত্র্যময়। উপমহাদেশের প্রায় সব ধারার গানে তিনি বিচরণ করেছেন এবং প্রতিটি ধারা থেকে তিনি কিছু না কিছু আহরণ করেছেন।’ তিনি নজরুলের বিভিন্ন ধারার গান সম্পর্কে আলোচনা করেন। যখন যে ধারা নিয়ে আলোচনা করেছেন, তখন সেসব গান থেকে দুই-চার লাইন করে গেয়েও শুনিয়েছেন শ্রোতাদের।