রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে ছায়ানট স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের ছায়ানট মিলনায়তন পূর্ণ হয়ে উঠেছিল দর্শক-শ্রোতায়। ‘বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুর’—সম্মেলক কণ্ঠে এ গানের মধ্য দিয়ে শুরু হয় ছায়ানটের আয়োজন। সম্মেলক কণ্ঠে গাওয়া অন্য গানগুলো ছিল ‘বাদল-বাউল বাজায় রে একতারা’, ‘কোন্ পুরাতন প্রাণের টানে’ ও ‘শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়’।
একক কণ্ঠে এ টি এম জাহাঙ্গীর ‘ছায়া ঘনাইছে বনে বনে’, লাইসা আহমদ লিসা ‘অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে’, মোস্তাফিজুর রহমান ‘এসো গো জ্বালিয়ে দিয়ে যাও’, ফারজানা আক্তার ‘এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে’, সেঁজুতি বড়ুয়া ‘দিনের বেলায় বাঁশি তোমার’, ইফফাত আরা দেওয়ান ‘শ্রাবণের ধারার মতো’, আব্দুল ওয়াদুদ ‘শ্যামল ছায়া, নাইবা গেলে’, সেমন্তী মঞ্জরি ‘এই শ্রাবণের বুকের ভিতর’, সুকান্ত চক্রবর্তী ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে’, সুতপা সাহা ‘আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে’ ও নাঈমা ইসলাম শোনান ‘রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে’।
অনুষ্ঠানে জহিরুল হক খান ও শামীমা নাজনীনের কর্ণ-কুন্তী-সংবাদ কাব্যনাট্যের পাঠ ছিল দর্শক-শ্রোতার জন্য ভিন্ন অভিজ্ঞতা। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।