জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ঠাকুরের অশ্রুতপ্রায় গান নিয়ে ছায়ানট মিলনায়তনে গতকাল আয়োজিত হলো একটি সংগীতসন্ধ্যা। গান গাইলেন ভারতের শিল্পী অভিজিৎ মজুমদার ও বাংলাদেশের সুকান্ত চক্রবর্তী।
বাংলাদেশ মুক্ত সাংস্কৃতিক নেটওয়ার্কের আয়োজনে ঠাকুরবাড়ির গান নিয়ে অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘পথ এখনো শেষ হলো না...’।
শিল্পীরা জ্যোতিরিন্দ্রনাথের অশ্রুতপ্রায় গানগুলো খোঁজ করে পেয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন পুরোনো পত্রিকা থেকে। সুকান্ত চক্রবর্তী দর্শকদের স্বাগত জানিয়ে বললেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ‘কাদম্বরী’ চলচ্চিত্রে জ্যোতিরিন্দ্রনাথকে ভ্রষ্ট চরিত্রের মানুষ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তাঁর স্ত্রী কাদম্বরীর মৃত্যুর পর শোকে তিনি আর গান লিখতে পারেননি। তিনিই বাংলা গানে প্রথম ফিউশনের প্রয়োগ করেন। বাংলা গানের আকার মাত্রিক স্বরলিপিতেও তাঁর অবদান রয়েছে। এরপর গাইলেন দুই ভাইয়ের দুটি ধ্রুপদ ব্রহ্মসংগীত।
সুকান্ত জানান, দুই ভাইয়ের জীবনস্মৃতিতে পাওয়া যায় জ্যোতিরিন্দ্রনাথ, তাঁর বন্ধু অক্ষয় চৌধুরী ও রবীন্দ্রনাথ এক কক্ষে বসে একসঙ্গে গান রচনা করতেন। পরে গবেষণায় পাওয়া যায়, ‘গীতবিতান’-এ এমন কিছু গান অসাবধানতাবশত রয়ে গেছে, যেগুলোর কথা রবীন্দ্রনাথের হলেও সুর জ্যোতিরিন্দ্রনাথের। এমন দুটি গান গাইলেন তাঁরা, ‘তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও’ ও ‘কেন গো ফিরিল না’।