ছায়ানটে নজরুল সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের বিচিত্র গানের ডালি সাজিয়ে ছায়ানট সংগীতানুষ্ঠানের আয়োজন করল গতকাল শনিবার। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভক্তিমূলক, উদ্দীপনামূলক এবং প্রেম ও প্রকৃতি নিয়ে লেখা তাঁর গান পরিবেশন করেছেন শিল্পীরা। ছায়ানট ভবন মিলনায়তনে আয়োজিত এই আসরে গানে গানে শ্রেতাদের মুগ্ধ করেছেন শিল্পীরা।ছায়ানটের শিশুশিল্পীদের গাওয়া ‘জাগো অমৃত-পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরের গানটিও ছিল তাদের ‘হে পার্থ-সারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য-শঙ্খ’। এরপর ছিল একক পরিবেশনা। শুরুতে লায়েকা বশীর শোনান ‘অন্তরে তুমি আছো চিরদিন’ গানটি। পর পর তিনটি একক গান শোনান সাদিয়া ইসলাম, মেহনাজ আফরিন ও মনীষ সরকার। তাঁদের পরিবেশনায় ছিল ‘সাঁঝের পাখীরা ফিরিল কুলায়’, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’, ‘সে চলে গেছে বলে কি গো’। এই তিনটি গানের পর ছায়ানটের জ্যেষ্ঠ শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে’ গানটি। এর পর আবার একক পরিবেশনা। ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, ‘ওগো অন্তর্যামী ভক্তের তব’, ‘ওর নিশীথ সমাধি ভাঙিও না’, ‘ফিরে ফিরে কেন তারি স্মৃতি’ গানগুলো পরিবেশন করেন স্বর্ণা নাগ, মাকসুদুর রহমান, মোহিত খান, অর্পিতা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সমবেত কণ্ঠে আরও ছিল ‘বেদনার সিন্ধু মন্থন শেষ’ এবং ‘মৃত্যু নাই, নাই দুঃখ’। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।