ছায়ানটে নজরুলের চলচ্চিত্র ও নাটকের গান
‘মধুর ছন্দে নাচে আনন্দে’—সম্মেলক কণ্ঠে গানটি পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এর সঙ্গে দ্বৈত নৃত্যে অংশ নেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা ও মোহনা দাস। এভাবেই শুরু হয় ছায়ানট নিবেদিত নজরুলজয়ন্তীর অনুষ্ঠান। গতকাল বুধবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনের এ অনুষ্ঠান সাজানো হয় কাজী নজরুল ইসলামের নাটক ও চলচ্চিত্রের গান দিয়ে। অনুষ্ঠানে রক্তকমল, অতনুর দেশ, মহুয়া, হিন্দোল, আলেয়া, সর্বহারা, ঝিলিমিলি, অর্জুন বিজয় ও কারাগার নাটক এবং ধ্রুব ও নন্দিনী, কাবেরী তীরে চলচ্চিত্রের গান পরিবেশিত হয়।একক ও সম্মেলক কণ্ঠে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম, নাসিমা শাহিন, সানোয়ারা জাহান প্রমুখ। পরিবেশিত গানগুলোর মধ্যে ‘কেউ ভোলে না কেউ ভোলে’, ‘তুমি শুনিতে চেও না’, ‘ঝরা ফুল দলে কোন অতিথি’, ‘চৈতালী চাঁদিনী রাতে’, ‘কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া’, ‘বেসুর বীণায় ব্যথার সুর’ অন্যতম।